ব্যাগভরা টাকা এখন কেন নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ফুটবলের কোনো সমাবেশ মানেই জেলার কর্মকর্তাদের মুখে ক্ষোভ আর হতাশার কথা। পাওয়া না-পাওয়ার বেদনা। কালও ব্যতিক্রম কিছু হয়নি। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জেলার ফুটবল কর্মকর্তারা অপ্রাপ্তির কথাই বললেন নতুন করে।
তবে এত দিন ওই ক্ষোভ-হতাশা পেশ করা হতো বাফুফের কাছে। মঞ্চে থাকতেন বাফুফের কর্মকর্তারাই। কালও বাফুফের দুজন কর্মকর্তা হারুনুর রশিদ ও বাদল রায় ছিলেন। প্রথমজনের উপস্থিতি অবশ্য বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে, দ্বিতীয়জন বাফুফের সহসভাপতি। তবে বাফুফের সভাপতি ও অন্য কর্মকর্তারা এখানে ছিলেন না। ছিলেন সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। জেলার ফুটবল উন্নয়ন নিয়ে মতবিনিময় হলো তাঁর সঙ্গে।
অনুষ্ঠানের সভাপতি নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিওএর উপমহাসচিব আশিকুর রহমান মিকু বলেছেন, ‘আমরা কোনো পক্ষ-বিপক্ষ নই। ফুটবলকে আমরা জাগ্রত করতে চাই। তাই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।’ বাফুফের গত নির্বাচনের এক বছর পার হলেও এখনো জেলার সঙ্গে বসা হয়নি। লিগ করার জন্য প্রতিশ্রুত ৩ লাখ টাকা জেলাকে দেয়নি বাফুফে। তবে বাফুফে না দিলেও তরফদার রুহুল আমিন ২ লাখ টাকা করে দিতে চেয়েছেন সব জেলাকে।
আটটি বিভাগের মানচিত্র-সংবলিত ভিন্ন আটটি ব্যানার টানানো অনুষ্ঠানকক্ষে খুলনা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আজমল আহমেদ তপন বলেন, ‘নির্বাচনের সময় কিছু প্রতিশ্রুতি ছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে।’
বাদল রায়ের ঝাঁজালো বক্তব্য, ‘বাফুফের নির্বাচনে একটি ইশতেহার দেওয়া হয়। সেটা আজ পর্যন্ত গুরুত্ব পায়নি। এটা হতে পারে না।’ তবে জামালপুর ডিএফএর ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল রেদোয়ানের কথার সময়ই হাততালি পড়ল বেশি, ‘ডিএফএ হওয়ার পর থেকেই ফুটবল তৃণমূল পর্যায়ে যায়নি। এবারই শুধু অনূর্ধ্ব-১৮ খেলা হয়েছে। তৃণমূলে খেলা না হলে ফুটবলার আসবে কোত্থেকে? আমি তো ফুটবল ফেডারেশনের নির্বাচন এলে টাকার অভাব দেখি না। কাঁড়ি কাঁড়ি টাকা। ব্যাগভরা টাকা, কিন্তু এখন কেন নেই? আপনারা যে টাকা নির্বাচনে খরচ করেন, সেই টাকা ডিএফএগুলোকে দেন।’
টাকাগুলো অবশ্য ভোটাররাই নেন এবং ডিএফএগুলোই সেই ভোটার। বাদল রায়কে উদ্দেশ করে রেদোয়ান বলেন, ‘আপনি পদক্ষেপ নিন। অন্যের ওপর দোষ চাপিয়ে লাভ নেই।’