ব্যাড বয়ের বদলে ব্যাড বয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কাণ্ডকারখানা নিয়ে একটা গোটা উপন্যাস লেখা যাবে। ক্যারিয়ারে তিনবার তিন প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়, গোলরক্ষক না হয়েও বিশ্বকাপে হাত দিয়ে গোল ঠেকিয়ে দেওয়া, প্রতিপক্ষের সঙ্গে বর্ণবাদী আচরণ, দর্শকদের সঙ্গে অশালীন আচরণ। এ সবকিছুই লুইস সুয়ারেজের কাজ। লিভারপুল যাঁকে বার্সেলোনার কাছে বিক্রি করে দিয়েছে কিছুদিন আগে। কিন্তু তাঁর বদলে ইংলিশ ক্লাবটি যাঁকে কিনেছে, সেই মারিও বালোতেল্লি কি সুয়ারেজের চেয়ে কোনো অংশে কম? সতীর্থের গায়ে কাদা ছুড়ে মারা, প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি, নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ‘কীর্তি’ আছে ইতালিয়ান স্ট্রাইকারের। ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে মিলান ছেড়ে গতকালই চলে এসেছেন অ্যানফিল্ডে।
চলুন, একবার পেছন ফিরে দেখা যাক লিভারপুল ছেড়ে যাওয়া এবং লিভারপুলে যোগ দেওয়া এই দুই ব্যাড বয়ের ক্যারিয়ারের বিতর্কিত সব কাণ্ডকীর্তি।
তথ্যসূত্র: ডেইলি মেইল, বিবিসি।

লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

নিন্দিত সুয়ারেজ
l ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে হাত দিয়ে গোল ঠেকান। লাল কার্ড দেখলেও পরে তাঁর দল ম্যাচটা জিতে যায় টাইব্রেকারে।
l ২০১০ সালের নভেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের হয়ে খেলার সময় পিএসভির মিডফিল্ডার ওটমান বাক্কালের ঘাড়ে কামড়ে দেন। সেটা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। সে ঘটনার পরই সুয়ারেজের নাম হয়ে ‘আয়াক্সের নরখাদক’।
l ২০১১ সালের অক্টোবরে লিভারপুলের হয়ে খেলার সময় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী মন্তব্য করে আট ম্যাচের নিষেধাজ্ঞা পান, গুনতে হয় জরিমানাও।
l ২০১১ সালের ডিসেম্বরে ফুলহাম সমর্থকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে এক ম্যাচ নিষিদ্ধ।
l গত বছর এপ্রিলে চেলসি-লিভারপুল ম্যাচে চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড়ে দেন। রেফারির চোখ এড়িয়েও পরে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে হয়।
l ব্রাজিল বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনির কাঁধে হঠাৎই দাঁত বসিয়ে দেন সুয়ারেজ। এ জন্য ফিফা ৯ ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে চার মাসের ফুটবল-নির্বাসন দেয় তাঁকে। কৃতকর্মের জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন সুয়ারেজ।
বিতর্কিত বালোতেল্লি

মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি


l ইন্টার মিলানে থাকতে ২০১০ সালের মার্চে একটা টেলিভিশন টক শোতে উপস্থিত হন নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের জার্সি পরে। বছর তিনেক পরে যোগ দেন সেই মিলানেই।
l ২০১০ সালের আগস্টে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরদিনই অনুশীলনে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর শখের অডি গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে, বিপুল পরিমাণ টাকা পায় তাঁর কাছে। নগদ এত টাকা নিয়ে কেন ঘুরছিলেন, পুলিশের এমন প্রশ্নে বালোতেল্লি বলেছিলেন, ‘কারণ আমি অনেক ধনী!’
l ২০১১ সালের মার্চে অনুশীলনের সময় রেগে গিয়ে ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক একটি দলের খেলোয়াড়ের দিকে ঢিল ছুড়ে মেরেছিলেন। তবে তরুণ ওই খেলোয়াড় আহত না হওয়ায় শাস্তি থেকে বেঁচে যান।
l আতশবাজি পোড়াতে গিয়ে ২০১১ সালের অক্টোবরে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিলেন ভুল করে। পরে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস, আগুনও নেভায়।
l ২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের একটা ম্যাচে টটেনহামের স্কট পার্কারের মাথায় লাথি মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ।
l গত বছর জানুয়ারিতে অনুশীলনের সময় ধাক্কাধাক্কি করেন ম্যান সিটির তখনকার কোচ রবার্তো মানচিনির সঙ্গে। পরে সহকারী কোচরা এসে থামান দুজনকে।