ব্যালন ডি'অর এবার রোনালদোরই?

৪-৩ ব্যবধান ছিল। লিওনেল মেসি গতবার সেটি নিয়ে গেছেন ৫-৩-এ। আট বছর ধরে এই দুজনের হাতেই অদলবদল হচ্ছে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কারটি। নবম বছরেও দৃশ্যপট বদলাবে না। অন্তত তেমনটাই মনে করেন এবার দুই দুজনের রাজত্বে হুমকি হয়ে ওঠা আঁতোয়ান গ্রিজমান। ফরাসি ফরোয়ার্ড বলছেন, এবারের ব্যালন ডি’অর রোনালদোর হাতেই যাচ্ছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর জাতীয় দলের জার্সিতেও অবিশ্বাস্য একটা ইউরো কাটালেন। ৬ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। ইউরোর মাঝপথেই বলাবলি হচ্ছিল, এবার হয়তো ব্যালন ডি’অর উঠবে অন্য কারও হাতে। আর সেটা হতে পারেন গ্রিজমানই। কিন্তু কাল পর্তুগালের কাছে ফাইনালে ফ্রান্স হারার পর গ্রিজমান আত্মসমর্পণই যেন করলেন। শুধু নিজে সরে গেলেনই না, রোনালদোকে এবারের বর্ষসেরা আগাম ঘোষণাও করলেন।
রোনালদোর কাছে আসলে দুটি ফাইনালে হারলেন গ্রিজমান। গত চ্যাম্পিয়নস লিগও রিয়াল মাদ্রিদের হয় জিতেছেন রোনালদো। এরপর জিতলেন এবারের ইউরো, যেটি তাঁর ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে শিরোপা না জেতার আক্ষেপ ঘুচিয়ে দিল। এই বছরের সবচেয়ে বড় দুটি পুরস্কার, সেই সঙ্গে ক্লাবের হয়ে আরও একটি গোলবন্যার মৌসুম তো আছেই। ৪৮ ম্যাচে করেছেন ৫১ গোল।
রোনালদোর সবচেয়ে বড় প্রতিপক্ষ মেসিও গোল করে ও করিয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন। চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতছাড়া করলেও লিগ ও কাপ জিতেছেন। ক্লাবের হয়ে করেছেন ৪১ গোল। তবে কোপা আমেরিকার ফাইনালে আবারও ব্যর্থ আর্জেন্টিনা। এটাই লড়াই থেকে ছিটকে দিতে পারে মেসিকে। গ্রিজমান তো রোনালদোর কোনো প্রতিপক্ষই দেখছেন না, ‘ব্যালন ডি’অরের লড়াইটা শেষ হয়ে গেল। এই মৌসুমে তো রোনালদো দুটি বড় ট্রফি জিতেছে।’