ব্যালন ডি’অরের লোভেই বার্সেলোনায় নজর লেভানডফস্কির

ব্যালন ডি’অর না জিতলে হচ্ছে না লেভারছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্ট লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে সন্তুষ্ট নন, এ কথা এখন আর গোপন কিছু নয়। লেভানডফস্কি নিজে ইঙ্গিত দিয়েছেন, তাঁর এজেন্ট ক্লাবের সঙ্গে কথা বলছেন। তাঁর সম্ভাব্য গন্তব্য নিয়েও আলোচনা চলছে। এখন পর্যন্ত যে খবর তাতে জার্মানি ছেড়ে স্পেনের কাতালুনিয়াতেই আশ্রয় নিচ্ছেন লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকারকে বেশ লোভনীয় প্রস্তাবে তিন বছরের জন্য টানতে চায় বার্সেলোনা।

লেভা নিজের ক্লাবের কাছ থেকে দীর্ঘমেয়াদি প্রস্তাব চেয়েও পাচ্ছেন না। ওদিকে বার্সেলোনা থেকে বাড়তি বেতনের সঙ্গে দীর্ঘ মেয়াদের প্রস্তাবও দেওয়া হচ্ছে। লেভানডফস্কির দল বদলানোর ইচ্ছা হতেই পারে। তবে তাঁর বার্সেলোনায় যাওয়ার ইচ্ছার পেছনে নাকি অন্য একটি কারণও আছে। টানা দুবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেও ব্যালন ডি’ অর জিততে পারেননি লেভানডফস্কি। সে আক্ষেপ দূর করতেই নাকি বার্সেলোনায় যেতে চান লেভা।

এবারও ইউরোপের শীর্ষ লিগগুলোয় সবচেয়ে বেশি গোল লেভানডফস্কির
ছবি: রয়টার্স

এমন কিছুই ইঙ্গিত দিয়েছেন জাভি মার্তিনেজ। স্প্যানিশ এই ডিফেন্ডার এখন খেলেন কাতার স্পোর্টস ক্লাবে। তবে ২০২১ সাল পর্যন্ত বায়ার্নে লেভানডফস্কির সঙ্গী ছিলেন। ৩৩ বছর বয়সী মার্তিনেজ এক বছর আগেই ইউরোপের ফুটবল থেকে ছুটি নিলেও সমবয়সী লেভানডফস্কি দাপটে খেলে যাচ্ছেন। ২০২৩ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ পোলিশ স্ট্রাইকার। কিন্তু এই মৌসুম শেষেই নাকি ক্লাব ছাড়তে চান তিনি।

টানা আটবার বুন্দেসলিগা জিতলেন লেভানডফস্কি
ছবি: রয়টার্স

গত দুবারের ফিফা দ্য বেস্ট হওয়া লেভানডফস্কি এই মৌসুমেও ৪৮ গোল করেছেন। এমন স্ট্রাইকারকে ছাড়তে রাজি নয় বায়ার্ন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের রেডিও প্রোগ্রাম এল লাগেরোতে এসে তাই লেভানডফস্কির দলবদল নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন মার্তিনেজ, ‘আজই ওর সঙ্গে কথা হলো আমার। আমাকে বলল, প্রতিদিন ধূসর চুলের সংখ্যা বাড়ছে। বায়ার্নের সুবিধা হলো, চুক্তিতে কোনো ক্লজ নেই। যদি ওরা বিক্রি করতে না চায়, আপনার কিছু করার নেই।’


মার্তিনেজের ধারণা, ‘কিছুটা সম্ভাবনা আছে। স্পেনে খেললে এত দিনে একটা বা দুটি ব্যালন ডি’অর থাকত। এ কারণেই সে চেষ্টা করছে। সে মনে করে ব্যালন ডি’অর ওর প্রাপ্য। জার্মান লিগে খেলা আর স্প্যানিশ লিগে, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলা তো আর এক না।’