ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরার পার্থক্য
স্কুলজীবনে নিশ্চয়ই অনেক পার্থক্য লিখেছেন, গণতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্রের কিংবা প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের। পাশাপাশি দুটি টেবিল এঁকে দুটি বস্তুর পার্থক্য বোঝানোর সেই বিদ্যা আরেকবার একটু ব্যবহার করতে হচ্ছে, সেটাও আবার ফুটবলে! ২০১০ সাল থেকে ফিফা ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার দেওয়া হতো বর্ষসেরা ফুটবলারকে। কিন্তু সে পুরস্কারটি আবারও ভাগ হয়ে গেছে। ফ্রেঞ্চ ফুটবল দিচ্ছে ব্যালন ডি’অর, ফিফাও দিচ্ছে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল প্লেয়ার’। তো, দেখে নেওয়া যাক দুটি পুরস্কারের মাঝে তফাতটা কী?
প্রথম পার্থক্যটা ভৌগোলিক। ফিফার পুরস্কারটি বিশ্বজুড়ে হলেও ব্যালন ডি’অর দেওয়া হবে শুধু ইউরোপের সেরা খেলোয়াড়কে। তবে ইউরোপিয়ান ফুটবলে না খেলে এখনো পর্যন্ত ফিফার বর্ষসেরা কেউ হতে পারেননি।
দ্বিতীয় পার্থক্য, মনোনীত খেলোয়াড় সংখ্যায়—ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ৩০ জন। আর ফিফার তালিকায় এসেছেন মাত্র ২৩ জন। এঁদের মধ্যে তিনজন—অ্যালেক্সিজ সানচেজ, মেসুত ওজিল ও এনগোলো কান্তে নেই ব্যালন ডি’অরে। আর ফিফার সেরার দৌড়ে না থাকা ১০ জন আছেন ব্যালন ডি’অর তালিকায়।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য সেরা খেলোয়াড় বাছাই-প্রক্রিয়ায়। ফ্রেঞ্চ ফুটবল নিজেদের পছন্দের পদ্ধতিতেই আবার ফিরেছে। মূলত সাংবাদিকদের ভোটেই নির্বাচিত হবেন এবারের ব্যালন ডি’অর। কিন্তু বর্ষসেরা পুরস্কারের জন্য একদম গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছে ফিফা। এবার ভোটাভুটির নিয়মটা এমন, একজন খেলোয়াড়ের পয়েন্ট নির্ধারিত হবে চারটি গ্রুপের ভোটের ভিত্তিতে। ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ, ফিফা নির্ধারিত ২০০ মিডিয়া আর সমর্থকেরা। সবার ভোটের ভাগ সমান—২৫ শতাংশ।
সমর্থকেরা তাঁদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন ফিফার ওয়েবসাইটে (http://www.fifa.com/) নিবন্ধন করে। সেটি ফেসবুক, টুইটার বা গুগল প্লাস অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন তাঁরা। মার্কাডটকম।