ব্যালন ডি'অর কি এবার জার্মানির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার হাতে উঠবে এই ব্যালন ডি’অর? ফাইল ছবি
কার হাতে উঠবে এই ব্যালন ডি’অর? ফাইল ছবি

কে জিতবেন ব্যালন ডি’অর? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত। তবে তালিকাটা সংক্ষিপ্ত হয়ে আসছে ক্রমেই। আজ ফিফা প্রকাশ করেছে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা। একই সঙ্গে প্রকাশ করেছে ১০ কোচের সংক্ষিপ্ত তালিকা। খেলোয়াড় তালিকায় এবার জার্মানদের আধিপত্য। তবে কি ব্যালন ডি’অর জার্মানদের হাতে উঠবে এবার?
সাধারণত বিশ্বকাপ-পরবর্তী ব্যালন ডি’অর পুরস্কারে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের প্রাধান্য থাকে। এবারও আছে। তালিকায় জার্মানির খেলোয়াড় আছেন ছয়জন। আর্জেন্টিনা ও স্পেনের তিনজন। ব্রাজিলের একজন—নেইমার।
তালিকা নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক। বরাবরের মতো এবারও কোচ ও খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রভাব স্পষ্ট। অথচ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে খেলোয়াড় তালিকায় ঠাঁই পাননি উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বিশ্বকাপে ভালো পারফর্ম করেও জায়গা পাননি কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস, যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের মতো খেলোয়াড়েরা।
কোচের তালিকাটা আরও বিতর্কিত। বিশ্বকাপে দারুণ করেও সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাননি কোস্টারিকার কোচ হোর্হে লুইস পিন্টো, কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান। স্পেনকে প্রথম রাউন্ডে বিদায় করার পেছনে যাঁর ভূমিকা সবচেয়ে বেশি, সেই চিলির কোচ হোর্হে সাম্পাওলি নেই তালিকায়। এমনকি নেই দ্বিতীয় রাউন্ডে ওঠা আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহজিচও। সূত্র: রয়টার্স।

২৩ খেলোয়াড়:

মারিও গোটশে (জার্মানি), টনি ক্রুস (জার্মানি), ফিলিপ লাম (জার্মানি), টমাস মুলার (জার্মানি), ম্যানুয়াল নয়্যার (জার্মানি), বাস্তিয়ান শোয়েনস্টেইগার (জার্মানি), অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা), হাভিয়ের মাচেরোনা (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), সার্জিও রামোস (স্পেন), ডিয়েগো কস্তা (স্পেন), করিম বেনজেমা (ফ্রান্স), পল পগবা (ফ্রান্স), গ্যারেথ বেল (ওয়েলশ), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম), থিবো কোর্তোয়া (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন), নেইমার (ব্রাজিল), আরিয়েন রোবেন (হল্যান্ড), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) ও ইয়া তোরে (আইভরি কোস্ট)।

১০ কোচ:

কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), অ্যান্তনিও কন্তে ( ইতালি/জুভেন্টাস), পেপ গার্দিওলা (বায়ার্ন মিউনিখ), ইয়ুর্গেন ক্লিন্সম্যান (যুক্তরাষ্ট্র), জোয়াকিম লো (জার্মানি), হোসে মরিনহো (চেলসি), ম্যানুয়েল পেলিগ্রিনি (ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো সাবেলা (আর্জেন্টিনা), ডিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুই ফন গাল (হল্যান্ড/ম্যানচেস্টার ইউনাইটেড)।