ব্যালন ডি'অর নিয়েই মেসির অভিমান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেপেশে মেসি-বার্সা ভালোবাসা? ছবি: এএফপি
একেপেশে মেসি-বার্সা ভালোবাসা? ছবি: এএফপি

হঠাৎ করে কী হলো লিওনেল মেসির? কেন অভিমানসিক্ত হয়ে উঠল তাঁর কণ্ঠ? যে ক্লাবের কাছ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর নিশ্চয়তা মিলছে, যে ক্লাব তাঁকে দিয়েছে নিজ ঘরের আনন্দ, সে ক্লাবের প্রতি কেন তাঁর এই হঠাৎ বিরাগ? স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, আর্জেন্টাইন তারকা হঠাৎ করেই আবিষ্কার করেছে, ক্যাম্প ন্যু’তে কেন যেন তিনি বড্ড অবহেলিত!
তাঁর অভিমানটা অর্থ-সংক্রান্ত কোনো বিষয়ে নয়। সতীর্থদের নিয়েও তাঁর কোনো সমস্যা নেই। কোচ লুইস এনরিকে তাঁকে কী পরিমাণ ভালোবাসেন, সেটা বার্সেলোনার খেলাগুলোতে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তার পরও বার্সেলোনার প্রতি মেসির অভিমানের হেতুটা ঠিক বোধগম্য ঠেকছিল না সমর্থকদের কাছে। মার্কা জানাচ্ছে, ব্যালন ডি’অর পাওয়ার লড়াইয়ে তাঁর প্রতি বার্সেলোনার সমর্থনে নির্লিপ্ততা অনুভব করেই মেসির এই অভিমান। এবারের ব্যালন ডি’অরটা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে তুলে দিতে আদা জল খেয়ে নেমেছে গোটা রিয়াল মাদ্রিদই। পুরো ব্যাপারটিই ক্লাবের ‘প্রেস্টিজ ইস্যু’ বানিয়ে চলছে জোর প্রচারণা। কিন্তু এ ব্যাপারে উল্টো চিত্রই দেখা যাচ্ছে কাতালান-শিবিরে। আর কদিন পরেই ব্যালন ডি’অর ঘোষণা, অথচ এ ব্যাপারে মেসির পক্ষে এখনো পর্যন্ত নেই বার্সার কোনো প্রচারণা। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিমানে জর্জরিত ফুটবলের এই মহাতারকা।
বোঝাই যাচ্ছে, গত মৌসুমে প্রবল-প্রতিদ্বন্দ্বী রোনালদোর কাছে ব্যালন ডি’অর হারানোর বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছিলেন মেসি। এটা নিয়ে প্রকাশ্যে হয়তো কিছু বলতেন না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষে রিয়ালের প্রায় সবাই যেভাবে কথা বলছেন, সেটার সঙ্গে বার্সেলোনার আচরণের বৈপরীত্য দেখায় বেজায় অভিমান মেসির। ব্যাপারটা তাঁর কাছে অনেকটাই প্রেম থরো থরো হৃদয়ে প্রেমিকার অবহেলা পাওয়ার মতোই কষ্টের।
কেবল ব্যালন ডি’অর নিয়ে অভিমান? কর-সংক্রান্ত ঝামেলা থেকে মেসি ও তাঁর বাবাকে মুক্ত করার বিষয়েও বার্সেলোনার আছে আশ্চর্য নির্লিপ্ততা। আইনি ঝামেলায় পড়লে কর্মক্ষেত্রের সহায়তা চাওয়াটা খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়। কিন্তু অস্বাভাবিকতাটা হলো, মেসির মতো খেলোয়াড় এমন ঝামেলায় পড়ার পরও বার্সেলোনার এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা না রাখা।
মেসি-বার্সা ভালোবাসাটা কী বড্ড একপেশে হয়ে যাচ্ছে না?