ব্যালন ডি'অর ফুটবলের জন্য খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’অরে আগ্রহ নেই মরিনহোর। ছবি: রয়টার্স
ব্যালন ডি’অরে আগ্রহ নেই মরিনহোর। ছবি: রয়টার্স

ব্যালন ডি’অর নিয়ে নাকি রাজনীতি হয়। আর সেই রাজনীতির সুফল পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আবার এ–ও শোনা গেল, রোনালদোকে বাকিরা ঈর্ষা করে বলেই নাকি তাঁর নামের পাশে ‘মাত্র’ দুটো ব্যালন ডি’অর, মেসির নামের পাশে চারটি। অথচ মেসি নাকি রোনালদোর অর্ধেকও যোগ্য নন। ওদিকে ব্যালন ডি’অর কোনো জার্মান ফুটবলারের পাওয়া উচিত, মন্তব্য করায় উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির মুখোমুখি দাঁড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ। গতবার তো কদর্য বাহাসে জড়িয়ে পড়েছিলেন রোনালদো আর সেপ ব্ল্যাটার।
ব্যালন ডি’অরের পুরস্কারটি দিনে দিনে যেন কেবল বিতর্কের জন্মই দিয়ে যাচ্ছে। এমন সময় হোসে মরিনহো দাবি করলেন, ব্যালন ডি’অর ফুটবলের জন্য মোটেও ভালো কিছু নয়। এটা বরং খারাপ ফলই ডেকে আনছে। ব্যালন ডি’অর ব্যক্তিগত স্বীকৃতি। কিন্তু ফুটবল একটি দলীয় খেলা। দলীয় খেলায় এভাবে কোনো ব্যক্তিকে আলাদা করে শীর্ষ মুকুট দেওয়া দলীয় চেতনার বিরোধী বলে মনে করেন মরিনহো।
চেলসি কোচ বলেছেন, ‘ব্যালন ডি’অর ফুটবলের জন্য মোটেও ভালো নয়। এ কারণে এসব পুরস্কার আমি পাত্তা দিই না। কখনো কখনো এটা দেখে মনে হয়, আমরা যেন তারকা খুঁজছি, আমরা যেন এমন ব্যক্তিদের খুঁজছি, যারা বাকিদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মোটেও চাই না এই সংস্কৃতিটা চেলসিতে গড়ে উঠুক।’ চেলসির দুই তারকা এডেন হ্যাজার্ড ও সেস্ক ফেব্রিগাস কিন্তু আছেন ফিফার বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায়। ইন্টার মিলানকে ট্রেবল জেতানোর পর ২০১০ সালে মরিনহো নিজেও একবার ফিফা বর্ষসেরা কোচ হয়েছিলেন। তবে মরিনহো মনে করেন, তাঁর দুই শিষ্য তাঁর মতোই এসব নিয়ে মাথা ঘামান না, ‘আমার মনে হয় না ফ্যাব্রিগাস-হ্যাজার্ড এই পুরস্কার নিয়ে তেমন একটা মাথা ঘামায়। তারা ভাবে কেবল দল, ভালো খেলা, ও দলকে জেতানো নিয়েই।’
এ দিকে কদিন ধরেই গুঞ্জন, লিওনেল মেসিকে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে চেলসি। এ তথ্য ‘সত্য নয়’ বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন মরিনহো। রয়টার্স, গোলডটকম।