
ফ্রাঙ্ক রিবেরির কথায় তবু একটু ফাঁক ছিল। তিনি বলেছিলেন ফিফা-ব্যালন ডি’অরে ‘রাজনীতি’ ঢুকে পড়েছে, কিন্তু সেটি বলেছিলেন নিজে এই পুরস্কারটি না পাওয়ার আক্ষেপ থেকে। কিন্তু কোনোই রাখঢাক করেননি ইয়োহান ক্রুইফ। ডাচ এই ফুটবল কিংবদন্তি সাফ জানিয়ে দিলেন, ফিফা-ব্যালন ডি’অর হলো মিডিয়া সার্কাস!
দুই বছর ধরে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষিত হচ্ছে জানুয়ারি মাসে। তাই বছর শুরুর মাসটি কাছাকাছি আসতেই ব্যালন ডি’অর নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কে জিতবে, কার জেতা উচিত—এই নিয়েই চলে মতামত দেওয়া আর বিশ্লেষণ। কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে কোনোই আগ্রহ নেই ক্রুইফের।
শুধু তা-ই নয়, এর নির্বাচনপ্রক্রিয়ার ওপরও আস্থা নেই ডাচ ফুটবল কিংবদন্তির। তাঁর কাছে ব্যালন ডি’অর মানেই নাটক। কাতালান রেডিও আরএসি-১-কে দেওয়া সাক্ষাৎকারে ১৯৭১, ১৭৭৩ ও ১৯৭৪ সালে ব্যালন ডি’অরজয়ী ক্রুইফ প্রশ্ন তুলেছেন এই পুরস্কারের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে। “ব্যালন ডি’অর নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। এটা একটা মিডিয়া সার্কাস। এটি পাওয়ার যোগ্যতা কী? সেরা? কোনো এক মৌসুমের সেরা? সবাই তাদের নিজেদের লোককেই ভোট দেয়। কার পুরস্কারটি পাওয়া উচিত সেটা চিন্তাভাবনা করেই ভোট দেওয়া উচিত। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। সে কারণে যাই হচ্ছে সেটাই মেনে নিতে হচ্ছে আমাদের”—বলেছেন ডাচ ও বার্সেলোনা কিংবদন্তি।
সাক্ষাৎকারে উঠে এসেছে বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া কোচ পেপ গার্দিওলা প্রসঙ্গও। তাঁকে প্রসংশায় ভাসিয়েছেন ক্রুইফ, ‘সে বুদ্ধিমান। কয়েকটি দেশে বসবাসের অভিজ্ঞতা আছে। তাই তার দৃষ্টিভঙ্গিটাও আলাদা। সে বার্সেলোনার কাছে কৃতজ্ঞ। সময়ের সঙ্গে তার প্রজ্ঞাও বেড়েছে।’ বর্তমান বার্সা কোচ লুইস এনরিকের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তাঁর আপত্তি, লিওনেল মেসি-নেইমার থাকার পরও আক্রমণভাগে লুইস সুয়ারেজকে আনা নিয়ে। ব্যাপারটি তাঁর কাছে একই জাহাজে দুই ক্যাপ্টেন থাকার মতো, ‘মেসি-নেইমার-সুয়ারেজের সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। কিন্তু কথায় আছে, “একটি মুরগির খামারে দুটি মোরগ রাখতে নেই’। আর এটা আমার কথাও না, অনেক দিন ধরে প্রচলিত। তাই আমাদের দরকার অপেক্ষা করা এবং দেখা।’ মার্কা, ইয়াহু নিউজ।