ফিফা-ব্যালন ডি’অরের ৫৯ জনের প্রাথমিক মনোনয়ন দেখে অনেকেই ভুরু কুঁচকে ফেলেছিলেন। অস্ট্রেলিয়ান মাসিমো লুঙ্গুর মতো অখ্যাত ফুটবলার আছেন, অথচ জিয়ানলুইজি বুফন নেই! জুভেন্টাস ও ইতালি অধিনায়ক বিস্ময় প্রকাশ করেছিলেন নিজেই। কাল সাবেক ইতালি অধিনায়ক পাওলো মালদিনিও জানিয়ে দিলেন তাঁর ক্ষোভটা।
জুভেন্টাসের হয়ে গত মৌসুমে সিরি ‘আ’ জিতেছেন বুফন, দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। অথচ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের আছেন সাতজন করে। মালদিনির ইঙ্গিত সেদিকেই, ‘কিছু ক্লাব ও ফেডারেশনকে সন্তুষ্ট করাই যখন উদ্দেশ্য, এই ট্রফিটা তখন মূল্য হারিয়ে ফেলে।’ বার্সেলোনার ক্লদিও ব্রাভো ও আর্সেনালের ডেভিড ওসপিনা তালিকায় আছেন, অথচ বুফন নেই—মালদিনির বিস্ময় এখানেই, ‘এটা কীভাবে সম্ভব? হাস্যকর। কেউ কেউ নামের জন্যই আছে এখানে। জিজি (বুফন) যা পেয়েছে এবং যেভাবে পেয়েছে সেটার জন্যই ওর থাকা উচিত। এই ৩৮ বছর বয়সেও সে বিশ্বের সেরা তিন গোলরক্ষকের একজন। না হয় মেনে নিলাম ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন) ও কোর্তোয়া (চেলসি) আছে, তাই বলে ব্রাভো ও ওসপিনা!’
মালদিনি গত মৌসুমে বুফনের কীর্তিও মনে করিয়ে দিয়েছেন, ‘সাধারণত দলের সাফল্যই এখানে বিবেচনায় রাখা হয়। জিজি এমন একটা দলের স্তম্ভ ছিল, যারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তো গেছেই, সিরি ‘আ’ও জিতেছে। বার্লিনে দানি আলভেজের সেভটা নিশ্চয়ই দেখেছেন?’
কখনো এই ট্রফি না জিতলেও ২০০৬ সালে দ্বিতীয় হয়েছিলেন বুফন। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ার পর ইতালিয়ান পত্রিকাগুলো কাল ফেটে পড়েছে ক্ষোভে। গাজেত্তা দেল্লো স্পোর্ত বড় হরফে শিরোনাম করেছে, ‘হাস্যকর’। সাবেক ইতালি অধিনায়ক দিনো জফ বলে দিয়েছেন অনেকের মনের কথা, ‘রোনালদো, মেসি ও ইব্রাহিমোভিচ থাকলে সে হয়তো এটা জিততে পারত না, কিন্তু ৫৯ জনের তালিকায় তার নাম থাকা উচিত ছিল।’ ইতালি কিংবদন্তি পাওলো রসি মনে করিয়ে দিয়েছেন, বুফনই ছিলেন জুভেন্টাসের প্রেরণা। এমনকি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম পর্যন্ত বলেছেন, ‘আমি আসলেই এটার (বাদ পড়ার) কোনো অর্থ খুঁজে পাচ্ছি না।’ এএফপি।