ব্যালন ডি'অরে নেই সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ৩১ গোল। প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যুগ্মভাবে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। তাঁর তখনকার দল লিভারপুলকে তুলে এনেছেন এবারের চ্যাম্পিয়নস লিগে। কিন্তু সেই লুইস সুয়ারেজই এ বছর ফিফা ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ২৩ জনের তালিকায় নেই!
কারণটা আন্দাজ করা খুব কঠিন নয়। লিভারপুলের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর চোট কাটিয়ে বিশ্বকাপেও দারুণ খেলছিলেন উরুগুয়ের হয়ে। কিন্তু ইতালির বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। সেই নিষেধাজ্ঞাও সম্প্রতি শেষ হয়েছে। পারফরম্যান্স বিচার করলে হয়তো ২৩ জনের প্রাথমিক তালিকায় থাকতেন সুয়ারেজ। কিন্তু বোঝাই যাচ্ছে, ফিফা বিতর্কিত ফুটবলারকে তালিকায় রাখেনি।
প্রাথমিকভাবে মনোনীতদের তালিকায় সুয়ারেজের অনুপস্থিতি ছাড়া আর খুব বেশি চমক নেই। আগেরবার সেরা তিনে থাকা ফ্রাঙ্ক রিবেরি এবার নেই। তবে বছরটা খুব একটা ভালো যায়নি বায়ার্ন উইঙ্গারের। চোট তাঁকে যেতে দেয়নি বিশ্বকাপে। এরপর তো অবসরই নিয়ে নিলেন। টানা চারবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ও দুবারের জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহই ছিল না। আছেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজ, নেইমার, গ্যারেথ বেল, ম্যানুয়েল নয়্যার, মারিও গোটশে, ফিলিপ লাম, টমাস মুলার, আরিয়েন রোবেন, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাচেরানো ও ডিয়েগো কস্তারা।
বিশ্বকাপজয়ী জার্মান দলের ছয়জন আছেন প্রাথমিক তালিকায়। মনোনীতদের মধ্যে দক্ষিণ আমেরিকার ৫ জন ও একজন আফ্রিকার, কিন্তু এঁরাও সবাই খেলেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। সবচেয়ে বেশি ছয়জন করে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার ৪ জন, ৩ জন চেলসির।
ব্যালন ডি’অরের জন্য মনোনীত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ছাড়াও একই দিনে বর্ষসেরা কোচের জন্য মনোনীত ১০ কোচের নাম জানিয়েছে ফিফা। বিশ্বকাপজয়ী জার্মানি দলের কোচ জোয়াকিম লো তো আছেনই, আছেন রানার্সআপ আর্জেন্টিনার তখনকার কোচ আলেসান্দ্রো সাবেলা ও তৃতীয় হওয়া হল্যান্ডের কোচ লুই ফন গালও। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কার্লো আনচেলত্তির সঙ্গে আছেন বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের কোচ পেপ গার্দিওলা, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি, জুভেন্টাসের কোচ আন্তোনিও কন্তে, চেলসির হোসে মরিনহো, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। দশজনের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানও।
আগামী বছর ১২ জানুয়ারি জুরিখে সেরা খেলোয়াড় ও সেরা কোচের নাম ঘোষণা করা হবে। এএফপি, ফিফা।