ব্যালন ডি'অরে নেইমার, বার্সার 'ক্ষতি' ২০ লাখ ইউরো!

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নেইমারও আছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। বার্সেলোনার জন্য এটা তো সুসংবাদই। কিন্তু বার্সা কর্তৃপক্ষ হয়তো ভাবতে পারে, নেইমার প্রথম তিনে না থাকলেই ভালো হতো। সে ক্ষেত্রে ২০ লাখ ইউরো অন্তত গচ্চা যেত না।
অবাক হতেই পারেন। নেইমার প্রথম তিনে থাকলে বার্সার ক্ষতির কথা আসছে কেন? সেটি আসছে সান্তোসের সঙ্গে বার্সার চুক্তির একটা ধারার কারণে। নেইমার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন বলে এখন সান্তোসকে অতিরিক্ত ২০ লাখ ইউরো দিতে হবে বার্সাকে। শর্ত ছিল, নেইমার যদি ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা করে নিতে পারেন, সান্তোসকে বাড়তি বোনাস হিসেবে ২ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে। গতকাল তিন ফাইনালিস্টের একজন হিসেবে জায়গা করে নেওয়া শুধু নেইমার নয়, সান্তোসের জন্যও তাই হয়ে এসেছে সুখবর।
এমনিতেই নেইমারের চুক্তি নিয়ে কম ঝামেলা হয়নি। ২০১৩ সালে ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে এসেছিল বার্সেলোনা। পরে অবশ্য জানা গিয়েছিল, বার্সার আসলে ৮ কোটি ইউরোরও বেশি খরচ করতে হয়েছে। সেটার সিংহভাগই গেছে নেইমারের বাবা ও তাঁর স্বত্বাধিকার প্রতিষ্ঠানের পক্ষে, সান্তোস পেয়েছে কমই। পরে তো জানা গেছে, ওই টাকার বড় একটা অংশের করও শোধ করা হয়নি। সে জন্য ব্রাজিলিয়ান আদালত নেইমার ও তাঁর পরিবারের ৪ কোটি ২০ লাখ ইউরোর সম্পত্তি জব্দও করেছে।
স্প্যানিশ আদালত অবশ্য এত সহজে রেহাই দিচ্ছে না নেইমারকে। কর ফাঁকি সংক্রান্ত মামলার তদন্ত চলছে। সেটার জন্য কম ভোগান্তিও হচ্ছে না নেইমারের। সান্তোসও নেইমারের বিরুদ্ধে দ্বারস্থ হয়েছে ফিফার। নিজেদের বঞ্চিত ভাবা সান্তোস আপাতত এই দুই মিলিয়ন ইউরোতে খুশি হবে হয়তো। আর আর্থিক সংকটের এই সময়ে হুট করে ব্যাংক হিসাব থেকে ২০ লাখ ইউরো বেরিয়ে গেলেও বার্সারও নাখোশ হওয়ার কিছু নেই। যে ফর্মের কারণে নেইমার ব্যালন ডি’অরে জায়গা করে নিয়েছেন, তার বদৌলতে বার্সা যা জিতেছে, তা তো অমূল্য! সূত্র: স্পোর্ত।