ব্যালন ডি'অরের পেছনে ছোটা হাস্যকর গার্দিওলার কাছে!

ব্যালন ডি’অর কিংবা ফিফার বর্ষসেরা ফুটবলার—ব্যক্তিগত এই পুরস্কারগুলোকে ফুটবলারদের বড় অর্জন বলেই দেখা হয়। অনেক সময় ‘কে সেরা’—এই বিতর্কেও চলে আসে ব্যালন ডি’অর কিংবা ফিফার বর্ষসেরার হিসেবও। সব মিলিয়ে এখনকার ফুটবলে এসব ব্যক্তিগত পুরস্কারেরও বাড়তি কদর। কিন্তু পেপ গার্দিওলার কাছে ব্যাপারটা উল্টো! ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের দিকে ছোটা, ব্যালন ডি’অর কিংবা অন্যান্য ব্যক্তিগত পুরস্কার জেতার দিকে অতি মনোযোগী হয়ে ওঠার প্রবণতাকে হাস্যকর মনে করেন তিনি। তাঁর মতে, ব্যক্তিগত অর্জন নয়, দলগত অর্জনই হওয়া উচিত একজন ফুটবলারের সর্বোচ্চ লক্ষ্য।
ইংলিশ প্রিমিয়ার লিগে ফেব্রুয়ারি মাসের সেরা কোচ হিসেবে মনোনয়ন পেয়েছেন গার্দিওলা। তাঁর দলের গ্যাব্রিয়েল জেসুস ও ডেভিড সিলভা মনোনীত হয়েছেন ফেব্রুয়ারির সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। কোথায় খুশি হবেন গার্দিওলা, তা না, উল্টো হতাশা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এটা যে খুব বড় ব্যবসা, সেটা আমি জানি। সব পক্ষকে সম্মান করেই বলছি, মাসের সেরা খেলোয়াড় কিংবা কোচ হয়ে লাভ কী? আমার কাছে এটার কোনো মূল্য নেই।’
জেসুস চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন। সে কারণেই তাঁর সেরা ফুটবলারের মনোনয়নটা গার্দিওলাকে পোড়াচ্ছে বেশি করে, ‘গ্যাব্রিয়েল মাসের সেরা খেলোয়াড় হোক বা না হোক, তাতে কিছু আসে যায় না। আমার খারাপ লাগছে, কারণ সে এই মুহূর্তে দলকে সহায়তা করতে পারছে না। কিন্তু সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি কোচ হিসেবে এটাই চাই। আমি মনে করি, দল হিসেবে সাফল্যটা হওয়া উচিত সবার সাফল্য, একজনের ভুলকে ভাবা উচিত সকলের ভুল। ভালোটাও সবার ভাগ করে নেওয়া উচিত।’
মাসের সেরা কোচ হিসেবে মনোনীত হয়েও তাই গার্দিওলা বলছেন, ‘দল জিতছে বলেই তো এই মনোনয়ন। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। সাধারণত ভালো খেলোয়াড়দের পেছনে অর্থ ব্যয় করলে সাফল্য পাওয়া যায়। আমি অনেকবারই বলেছি, আমি জীবনে অনেক পুরস্কার জিতেছি। কারণ, আমি খুব ভালো ভালো দলকে প্রশিক্ষণ দিয়েছি। যদি ভালো দলের কোচ না হতাম, তাহলে বোধ হয় আমি এত এত পুরস্কার পেতাম না। আমার কাছে ব্যালন ডি’অর, গোল্ডেন বল ইত্যাদির পেছনে ছোটা খুবই হাস্যকর মনে হয়। আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আমি সব সময় খেলোয়াড়দের বলি, দলের হয়ে শিরোপা জেতো, মানুষকে আনন্দ দাও।’ সূত্র: ফোর ফোর টু।