ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে হিগুয়েইনও

এটি কোনো খবর নয়। প্রত্যাশিত ব্যাপারই। বলার জন্যই বলা। ২০১৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। গতকাল সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন মোট ৩০ জনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। এই তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে আছেন গঞ্জালো হিগুয়েইনও।
এবারের ব্যালন ডি’অর কে জিতবে! এই ৩০ জনের যেকোনো একজন তো অবশ্যই। তবে ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের সাফল্যসহ চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদের ঘরে ওঠায় এই লড়াইয়ে দারুণ সুবিধাজনক অবস্থানে আছেন রোনালদো। লিওনেল মেসিও কম যান না। তিনিও আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছেন। বার্সেলোনার লা লিগা ও কোপা ডেল রে জয়ে তাঁর আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়াটাই মেসিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এতে আবার টাইব্রেকার মিস করেছিলেন তিনি। নেইমার গর্বিত প্রথমবারের মতো দেশকে অলিম্পিক ফুটবলের সোনা এনে দিয়ে। বার্সেলোনার লিগ জয়ে মেসি আর সুয়ারেজের সঙ্গে গড়ে ওঠা তাঁর যুগলবন্দী তো এই ব্রাজিলীয় তারকাকে নিয়ে গেছে অন্য উচ্চতাতেই।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রোনালদো, মেসি, নেইমার ছাড়াও আছেন গ্যারেথ বেল, আতোয়াঁ গ্রিজম্যান, পল পগবা, জ্লাতান ইব্রাহিমোভিচ ও সার্জিও আগুয়েরো। আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুজ, পিয়েরে-এমেরিক-আওবামেয়াং, জিয়ান লুইজি বুফন, টমাস মুলার, ম্যানুয়াল নয়্যার প্রমুখ।
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের সঙ্গে নেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটি আর নবায়ণ করেনি তারা। এবারের পুরস্কারটি তাই ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের একাই ঘোষণা করবে। ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কারকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যালন ডি’অরের সঙ্গে একীভূত করা হয়।
দেখে নিন ২০১৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা:
ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), আতোয়াঁ গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পিয়েরে-এমেরিক আওবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), জিয়ান লুইজি বুফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), পাবলো দিবালা (জুভেন্টাস), ডিয়েগো গডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ), রবার্ট লেভানডোফস্কি (বায়ার্ন মিউনিখ), হুগো লরিস (টটেনহাম হটস্পার), রিয়াদ মাহরেজ (লেস্টার), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ম্যানুয়াল নয়্যার (বায়ার্ন মিউনিখ), দিমিত্রি পায়েত (ওয়েস্টহ্যাম), পেপে (রিয়াল মাদ্রিদ), রুই প্যাত্রিসিও (স্পোর্টিং), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেমি ভার্ডি (লেস্টার), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।