ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তিনে মেসি-রোনালদো-নয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে জিতবেন ব্যালন ডি’অর-মেসি-রোনালদো নাকি নয়্যার? ছবি: গোলডটকম
কে জিতবেন ব্যালন ডি’অর-মেসি-রোনালদো নাকি নয়্যার? ছবি: গোলডটকম

ফিফা ব্যালন ডি’অর পুরস্কারে গত কয়েক বছরের চিত্র অনেকটা একরকম। প্রধান দুই প্রতিযোগী-লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। পরিবর্তন আসে কেবল তৃতীয় নামটিতে। এবারও তা-ই। ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর পাশে যোগ হলেন ম্যানুয়েল নয়্যার। গতবার এ জায়গায় ছিলেন ফ্রাঙ্ক রিবেরি।
রোনালদোর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রসঙ্গে ফিফা জানিয়েছে, ‘দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেও এ বছরের শুরুটা রোনালদোর খুব একটা ভালো হয়নি। তবে মৌসুম শেষে ছিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। রিয়ালের দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । এ প্রতিযোগিতায় রেকর্ড ১৭ গোল করেছেন রোনালদো।’
মেসির ক্ষেত্রে ফিফা জানিয়েছে, ‘চোটের সমস্যা থাকার পরও ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় ২৮ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসির জন্য কিছু হতাশার খবর ছিল। বার্সা চ্যাম্পিয়নস লিগে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। ফাইনালে উঠেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি ২০১৪ বিশ্বকাপ। তবে টুর্নামেন্টে ৪ গোল করে জিতেছিলেন গোল্ডেন বল। চারবারের ফিফা বর্ষসেরা কিছুদিন আগেই ভেঙেছেন স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।’
নয়্যার সম্পর্কে ফিফার বিবৃতি, ‘জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করা ও গত কয়েক বছর বায়ার্ন মিউনিখের রেকর্ড শিরোপা জয়ের পেছনে নয়্যারের ভূমিকা অনেক। গোলরক্ষক হিসেবে নিজেকে নিয়ে গেছেন সবার শীর্ষে। ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পেয়েছেন “গোল্ডেন গ্লাভ” পুরস্কার।’
সোমবার ফিফা ঘোষণা করেছে বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকাও। এবার লড়াইটা হবে জার্মানির কোচ জোয়াকিম লো, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ও অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের মধ্যে।
এই সংক্ষিপ্ত তালিকা থেকেই একজনের হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর। সেরাটা কে হচ্ছেন, সেটা জানতে অবশ্য ১২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। রয়টার্স, ফিফাডটকম।