ব্যালন ডি'অরের সেরা তিনে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়েফার বর্ষসেরার শেষ তিনের মধ্যে জায়গা পাননি। তবে ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা করে নিলেন নেইমার। এর আগে ফিফা বর্ষসেরা একাদশে থাকলেও এই প্রথম ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। সেরা তিনের বাকি দুজন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফার ভোটারদের দেওয়া ভোটের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিনজনের নাম আজ প্রকাশ করল ফিফা। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে কে ব্যালন ডি’অর জিতলেন, সেটি জানা যাবে আগামী জানুয়ারিতে। ধারণা করা হচ্ছে, পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিততে চলেছেন মেসি। আর তা হলে গত আট বছরে রোনালদো-মেসি দুজনের মধ্যেই ফুটবলারদের সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফিটা থেকে যাবে।
মেসি-রোনালদোর আগে সর্বশেষ এই ট্রফি জিতেছিলেন কাকা। গতবার বার্সাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখা নেইমার জিতলে কাকার পর আবারও আরও একজন ব্রাজিলিয়ানের হাতে উঠবে সোনার গোলকটি। তবে বিশ্বকাপের হতাশা মুছে ফেলে নতুনভাবে শুরু করা মেসি গত মৌসুমে এত অবিশ্বাস্য খেলেছেন, ভোটাররা আরও একবার তাঁর দিকেই বেশি করে ঝুঁকেছে বলেই অনুমান। শুধু বার্সাকে ট্রেবল জিতিয়েছেন বলেই নয়, গত কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। শিরোপা না-জিতলেও টানা দুই বছর বড় দুটো টুর্নামেন্টের ফাইনালে দলকে নিয়ে যাওয়াও আর্জেন্টিনা অধিনায়কের বড় কৃতিত্ব।
অন্য দিকে ব্যক্তিগতভাবে পরিসংখ্যান বিবেচনায় নিজের সেরা মৌসুম কাটিয়েছেন রোনালদো। গোলের বন্যা ছুটিয়েছেন। কিন্তু দলকে সেই সাফল্য এনে দিতে পারেননি, যে সাফল্য তাঁকে আগের বছর ব্যালন ডি’অর জিতিয়েছিল। এই ট্রফির জন্য উন্মুখ রোনালদো নিজেই কদিন আগে এবারের সম্ভাব্য বিজয়ী হিসেবে মেসির নাম বলেছেন।
ফিফার সদস্যভুক্ত প্রত্যেক দেশের জাতীয় দলের কোচ, অধিনায়কের পাশাপাশি একজন সাংবাদিক এই ভোটে অংশ নেন। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় থাকা সেরা তিনের নাম ঘোষণা করে আগ্রহের আগুনে যেন ঘি ঢেলে দেয় ফিফা। কারণ এই পুরস্কার নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যেও আছে প্রচুর কৌতূহল।
বর্ষসেরা সেরা তিন খেলোয়াড়ের পাশাপাশি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, কোচ ও বর্ষসেরা গোলেরও।

এক নজরে সেরা তিন:
বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল/পর্তুগাল) ও নেইমার (বার্সেলোনা/ব্রাজিল)
বর্ষসেরা কোচ: লুইস এনরিকে (বার্সা), পেপ গার্দিওলা (বায়ার্ন মিউনিখ), হোর্হে সাম্পাওলি (চিলি)
বর্ষসেরা নারী: কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র), আয়া মিয়ামা (জাপান), সেলিয়া সাসিচ (জার্মানি)
বর্ষসেরা গোল: আলেসান্দ্রো ফ্লোরেন্সি, ওয়েনডেল লিরা ও লিওনেল মেসি