ব্রাজিল-আর্জেন্টিনার ভাগ্য শেষ ম্যাচেই

১৯৫২ সাল থেকে অলিম্পিক ফুটবলে অংশ নিচ্ছে ব্রাজিল। কিন্তু একবারও পারেনি সোনা জিততে। দীর্ঘ এই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ হয়ে এসেছে রিও অলিম্পিক। কিন্তু দক্ষিণ আফ্রিকার পর আরেক সহজ প্রতিপক্ষ ইরাকের সঙ্গেও গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠেও ফিকে হয়ে পড়ল ব্রাজিলের সোনা জয়ের স্বপ্ন। তবে ব্রাজিলের আরেকটি খারাপ দিনে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে স্বার্থপরের মতো খেলেছেন—এমন অপবাদ শুনতে হয়েছে নেইমারকে। ব্রাসিলিয়ায় ইরাকের বিপক্ষে সেই অপবাদ ঘোচানোর চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু নেইমার ভালো খেললে কী হবে, চাপে পড়া পুরো ব্রাজিল দলটাই ছিল উদ্ভ্রান্ত! ইরাকের শরীরনির্ভর রক্ষণাত্মক ফুটবলও নেইমার-জেসুসদের কাজটা কঠিন করে দিয়েছে।
এই ড্রয়ে আশার প্রদীপ যে নিভে গেল, তা নয়। তবে গ্রুপের শেষ ম্যাচটি ব্রাজিলকে জিততেই হবে। তা না হলে এসে পড়বে কঠিন সমীকরণ। পরের ম্যাচটা ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ডেনমার্কের বিপক্ষে। আর ইরাক পরের ম্যাচে খেলবে ১ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে। শেষ ম্যাচে ইরাক কিংবা দক্ষিণ আফ্রিকা জিতে গেলে জিততে হবে ব্রাজিলকেও। ইরাক যদি গোল নিয়ে ড্র করে (১-১ বা ২-২ এমন স্কোরে), ব্রাজিল গোলশূন্য ড্র করলেও বাদ পড়ে যাবে। দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলিয়ানদের সঙ্গী হবে আরেকটি হতাশা।
শক্তি-সামর্থ্যে অনেকটাই পিছিয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত ইরাকের সঙ্গে গোলশূন্য ড্রয়ে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে নেইমারদের। দলের কোচ রোজেরিও মিকালে অবশ্য ক্ষমা চেয়েছেন দর্শকদের কাছে।
প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। রিও অলিম্পিক স্টেডিয়ামে হারলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো আলবিসেলেস্তেদের। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে ভিক্টর কুয়েস্তা মাঠ ছাড়ায় বেশ বিপাকেই পড়ে আর্জেন্টিনা। বিরতির পরই অবশ্য তাদের এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেয়া। ৬৪ মিনিটে আলজেরিয়াকে ম্যাচে ফেরান সোফিয়ানে বেনডেবকা। এর মিনিট তিনেক পর কুয়েস্তার মতোই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আলজেরিয়ার আয়ুব আবদেল্লাই। ৭০ মিনিটে জোনাথন কায়েরির গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। আগামীকাল হন্ডুরাসকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার।
এই হন্ডুরাসকেই ২-১ গোলে হারিয়ে পর্তুগাল পৌঁছে গেছে পরের পর্বে। ইউরো জয়ের পর অলিম্পিকের সোনাটাও যদি এসে যায়, রোনালদোর দেশের বছরটাই হবে সোনালি রঙে রাঙানো। পর্তুগালের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে নাইজেরিয়ারও। এএফপি।