ব্রাজিল-আর্জেন্টিনার মায়া ভুলে রোনালদো-সতীর্থ যাচ্ছেন বার্সেলোনায়

রোনালদোর কারণেই দল ছাড়ছেন কাভানি?ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০ সালে পিএসজির সঙ্গে এদিনসন কাভানির চুক্তি যখন শেষ হয়ে গেল, অনেকেই ভেবেছিলেন, শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবে খেলার হয়তো আর সামর্থ্য নেই এই উরুগুইয়ান স্ট্রাইকারের। গত দেড় বছরে সন্দেহবাদীদের সব সংশয় দূর করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত খেলে। আগামী ফেব্রুয়ারিতে ৩৫-এ পড়বেন, কিন্তু বক্সের মধ্যে ‘এল ম্যাটাডর’-এর গতি ও মুভমেন্ট দেখে কে বলবে বয়স তাঁর জন্য বোঝা!


সব মিলিয়ে এই দেড় বছরে ইউনাইটেডের হয়ে ১৮ গোল করেছেন। বুঝিয়ে দিয়েছেন, ইউনাইটেডের মূল স্ট্রাইকার হওয়ার যোগ্যতা এখনো আছে তাঁর। কিন্তু মৌসুম শুরুর আগে ক্রিস্টিয়ানো রোনালদো আসায় আবারও বেঞ্চেই জায়গা হয়েছে কাভানির। যেখানে সময় কাটাতে তাঁর আজীবনই ঘোর আপত্তি ছিল।

গত মৌসুমে লিগে বদলি নেমে গোলের ক্লাব রেকর্ড গড়েছিলেন কাভানি
ছবি: রয়টার্স

ফলে আবারও ক্লাব বদলের জন্য মুখিয়ে উঠেছেন এই তারকা। ব্যাপারটা বুঝতে পেরে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ব্রাজিলের করিন্থিয়ানসের মতো বিখ্যাত ক্লাব তাঁকে চুক্তির প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সবাইকে ছাপিয়ে কাভানি আগ্রহী হয়ে উঠেছেন বার্সেলোনার প্রতি।


আক্রমণভাগে খেলানোর জন্য বার্সার কোচ জাভির হাতে বলতে গেলে খেলোয়াড়ই নেই। যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই হাসপাতালে। এর ওপর সের্হিও আগুয়েরোও অবসর নিয়ে নিয়েছেন। ফলে আসছে শীতকালীন দলবদলের বাজারে আক্রমণভাগের খেলোয়াড় কেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।

বদলি নেমে দলকে জেতানোটা অভ্যাস বানিয়ে ফেলেছিলেন কাভানি
ছবি: এএফপি

এই লক্ষ্যে ম্যানচেস্টার সিটির ফেরান তোরেস, রাহিম স্টার্লিং থেকে শুরু করে ডর্টমুন্ডের আর্লিং হরলান্ড, বাসেলের আর্থুর কাবরাল, লাইপজিগের ম্যাতিউস কুনিয়া ও দানি অলমো, ইন্টারের আলেক্সিস সানচেজ—সবার প্রতিই আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর অনুমান, অন্তত দুজনকে দলে আনার ইচ্ছে জাভির। জাভির পছন্দের তালিকায় এবার যুক্ত হয়েছেন কাভানিও।


ইএসপিএনের বার্সেলোনাবিষয়ক নির্ভরযোগ্য প্রতিনিধি মই ইয়োরেন্স জানিয়েছেন, এর মধ্যেই কাভানিকে দেড় বছরের চুক্তি প্রস্তাব করেছে কাতালানরা। যদিও ইউনাইটেডের টেবিলে বার্সেলোনার পক্ষ থেকে কাভানির জন্য কোনো প্রস্তাব নেই।

কাভানিকে চাইছেন জাভি
ছবি : বার্সেলোনা

আর কাভানিকে ছাড়ার তেমন ইচ্ছেও নেই ইউনাইটেডের। ওদিকে আরেক নির্ভরযোগ্য সাংবাদিক জেরার্দ রোমেরো জানিয়েছেন, ১৮ মাসের চুক্তির বিষয়টা সত্য। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বার্সেলোনার চিকিৎসক দলের কাছ থেকে কাভানির স্বাস্থ্য সম্পর্কে সবুজ সংকেত পেতে চায় বার্সা। ওদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্তস জানিয়েছে, বার্সেলোনার হয়ে খেলার জন্য ইউনাইটেডের হয়ে চুক্তি বাতিল করতেও রাজি কাভানি।


আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্তস জানিয়েছে, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ব্রাজিলের করিন্থিয়ানসের প্রস্তাব এর মধ্যেই নাকচ করে দিয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। বার্সেলোনার জার্সি পরে কাভানির পোজ দেওয়ার ব্যাপারটা তাই এখন শুধুই সময়ের ব্যাপার!