ব্রাজিল-আর্জেন্টিনার সামনে ঢাল-তলোয়ার বিহীন পুরান ঢাকা
দুর্দান্ত ড্রিবলিং, দারুণ পাস ও দৃষ্টিনন্দন সব গোল। আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল মানেই তো এমন কিছু। আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই পাওয়া যেতে পারে সে ফুটবলের স্বাদ। ব্রাজিল-আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার আগেও বাংলাদেশে খেলে গেছেন, তবে এবারের ফুটবলারদের মান বেশ উঁচুতে বলে মনে করেন অনেকে।
ফেডারেশন কাপ দিয়ে প্রায় ৯ মাস পর আজ ফিরতে যাচ্ছে ঘরোয়া ফুটবল। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বসুন্ধরার আক্রমণভাগ ব্রাজিল-আর্জেন্টিনানির্ভর। অন্যদিকে ঢাল-তলোয়ারবিহীন রহমতগঞ্জ। চার বিদেশি কোটায় তিনজন দলের অনুশীলনে এখনো যোগ দিতে পারেননি। আজ কেবল মিসরের ডিফেন্ডার আলেদিন নাসেরকে নিয়ে মাঠে নামবে পুরান ঢাকার ক্লাবটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
আজ সৌরভ ছড়ানোর অপেক্ষায় বসুন্ধরার লাতিন আক্রমণভাগ। দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে একজন আর্জেন্টাইন স্ট্রাইকার। জোনাথন ফার্নান্দেজের সঙ্গে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে জুটি বেঁধে খেলার কথা উইঙ্গার রবসন রবিনিওর। সামনে আর্জেন্টাইন নাম্বার নাইন রাউল বেসেরা। লাতিন এই ত্রিভুজ প্রেম জমে উঠলেই প্রতিপক্ষরা পুরে ছারখার! আর দেশের ফুটবলে দর্শকেরা পেতে পারেন সুরভিত ফুটবলের স্বাদ।
মাঠে নামার আগে সে প্রতিশ্রুতিই দিয়ে রেখেছেন লাতিন তিন ফুটবলার। দুই প্রস্তুতি ম্যাচে উত্তর বারিধারাকে ৩-১ ও শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের পাঁচ গোলই এই তিনের। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা যখন নতুন উদ্যমে আজ মাঠে নামতে যাচ্ছে, সেখানে রহমতগঞ্জ করোনার কারণে এখনো পায়নি তিন বিদেশি খেলোয়াড়কে। এ ছাড়া স্থানীয় ফুটবলারদের বিচারেও যোজন যোজন এগিয়ে বসুন্ধরা। দলটিতে আছেন জাতীয় দলের ১০ ফুটবলার। প্রস্তুতিতেও অনেক এগিয়ে বসুন্ধরা। তাঁদের চার মাসের প্রস্তুতির বিপরীতে পুরান ঢাকার ক্লাবের প্রস্তুতি মাত্র এক মাসের।
তবুও তারুণ্যনির্ভর দলটি নিয়ে আশাবাদী কোচ সৈয়দ গোলাম জিলানি, ‘কোভিডের কারণে তিন বিদেশি খেলোয়াড়কে এখনো পাইনি। আজ বিকেলে দুজন এসে পৌঁছাবে। বাকি একজন কবে আসবে, এখনো জানি না। তবুও আশা করি তিনজন বিদেশি ছাড়াই আমার তরুণ খেলোয়াড়েরা বসুন্ধরার সঙ্গে লড়াই করবে।’ সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরার সঙ্গে লড়াই করে ২-১ গোলে হেরেছিল রহমতগঞ্জ।
গত নভেম্বরে বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে প্রচুরসংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। সেখানে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধিই। তাই ঘরোয়া ফুটবলে একটু অন্য পথে হেঁটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোনো টিকিট বিক্রির ব্যবস্থা রাখেনি বাফুফে। তবে চাহিদা অনুযায়ী ক্লাবগুলোকে দেওয়া হবে অল্পসংখ্যক টিকিট। ক্লাবগুলো বিতরণ করবে সেই টিকিটগুলো। তবে ঘরে বসেই দেখতে পারবেন খেলাটি। বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে একটি বেসরকারি চ্যানেলে।