ব্রাজিল-ইংল্যান্ড ফাইনাল দেখছেন জার্মান কিংবদন্তি

>তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে জার্মানি (পশ্চিম জার্মানি)। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর। বিশ্বকাপ নিয়ে তাই লোথার ম্যাথিউসের চেয়ে বেশি অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে। সেই অভিজ্ঞতা থেকেই ম্যাথিউস বলেছেন, ব্রাজিল আর ইংল্যান্ড মুখোমুখি হবে এবারের ফাইনালে
আটাশ বছর আগে ইতালির তুরিনে এই ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেবার শিরোপাও জিতেছিল লোথার ম্যাথিউসের দল। ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে সেই হারের পর আর কখনো শেষ চারে উঠতে পারেনি ইংল্যান্ড। কিন্তু এবার ইংল্যান্ডের খেলা দেখে ভিন্ন কিছু ভাবছেন ম্যাথিউস। শুধু সেমিফাইনাল নয়, ইংল্যান্ড এবার ফাইনালেও উঠে যেতে পারে বলেই মনে করছেন জার্মানির সাবেক এই অধিনায়ক।
ম্যাথিউস ইংল্যান্ডকে না হয় ফাইনালে দেখছেন। তাহলে ফাইনালে তাঁদের প্রতিপক্ষ কোন দল? জার্মানির সাবেক এই মিডফিল্ডারের মতে, ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। হ্যারি কেইনদের সম্ভাবনা প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘ইংল্যান্ডের এবার ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক। কেননা ওদিকে ব্রাজিলের সঙ্গে পড়েছে ফ্রান্স ও বেলজিয়ামের মতো দল, যারা একে একে বিদায় নেবে। তাই এদিকে বাকি থাকে ব্রাজিল।’
জার্মানির জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী ম্যাথিউসের মতে, নিজেদের দেশে সব সুযোগ-সুবিধাসম্পন্ন আদর্শ একটা লিগ ও ফুটবল সংস্কৃতি গড়ে তোলার সুবিধা পাচ্ছে ইংল্যান্ড। ৫৭ বছর বয়সী এই কিংবদন্তির ভাষ্য, ‘ইংল্যান্ডের দলটা অনেক তরুণ ও গতিশীল, আর সঙ্গে আছেন হ্যারি কেইনের মতো দুর্দান্ত স্ট্রাইকার। তারা নিজেদের সীমাবদ্ধতা ও শক্তি সম্পর্কে বেশ ভালোভাবেই জানে, যা তাঁদের ভয়ডরহীন ফুটবল খেলতে সাহায্য করছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা সব কোচের অধীনে নিয়মিত খেলাও ইংলিশ খেলোয়াড়দের সাহায্য করেছে বলে মনে করেন ম্যাথিউস, ‘ইংলিশ লিগে অনেক সেরা কোচ রয়েছেন, তাঁদের সঙ্গে নিয়মিত কাজ করার সুবিধাটা এখন পাচ্ছে ইংলিশ খেলোয়াড়েরা। সবকিছু মিলিয়েই আমার মনে হচ্ছে, এবার ফাইনালে লড়বে ব্রাজিল আর ইংল্যান্ড।’