ব্রাজিল এক ঘোড়ার দল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার জানালেন, ব্রাজিল দল সব সময়ই তারকায় ঠাসা। ছবি: রয়টার্স
নেইমার জানালেন, ব্রাজিল দল সব সময়ই তারকায় ঠাসা। ছবি: রয়টার্স

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জয়টা সন্তুষ্ট হওয়ার মতো নয়। তবে পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে ব্রাজিল। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাকতে পারছেন না এ ম্যাচে জোড়া গোল করা নেইমার। তবে ব্রাজিলীয় তারকা মনে করেন, এতে কোনো সমস্যা হবে না দলের। কারণ, এক ঘোড়ার দল নয় ব্রাজিল।
ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেললেও অনেক খেলোয়াড় জাতীয় দলের জার্সিতে থাকেন নিষ্প্রভ। এ ক্ষেত্রে ব্যতিক্রম নেইমার। জাতীয় দলের জার্সিতে বরাবরই দুর্দান্ত। ৬৭ ম্যাচে করেছেন ৪৬ গোল। ব্রাজিলীয় সমর্থকদের আক্ষেপ, কোপা আমেরিকায় লাল কার্ড দেখার কারণে আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিলীয় ফরোয়ার্ড অবশ্য মনে করেন না এতে বড় কোনো সমস্যা হবে দলের, ‘ব্রাজিলে এত সব ভালো খেলোয়াড় আছে, যারা যে কারও অনুপস্থিতিতে জায়গা করে নিতে পারে। ব্রাজিল কখনোই একজনের দল ছিল না।’
কোস্টারিকার বিপক্ষে অধিকাংশ সময়ে বেঞ্চে বসে থাকার পর অনুযোগের সুরেই জানিয়েছিলেন, বেঞ্চে বসে থাকাটা তাঁর পছন্দ নয়। বসে ছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও। তবে এ দিন তুলনামূলক বেশি সময় খেলার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলে করেছেন জোড়া গোল। বেঞ্চের বসে থাকাটা যে তাঁর জন্য যন্ত্রণাদায়ক, জানিয়ে দিলেন আবারও, ‘আমি এখানে এসেছি সহায়তা করতে। মাঠে থাকতে চাই, খেলতে চাই। কোচের জন্য সব সময়ই তৈরি থাকি। আর যখনই খেলি, চাই গোল করতে, দলকে সাহায্য করতে।’