ব্রাজিল, জার্মানির চেয়েও বেশি বোনাস পাবেন স্পেনের খেলোয়াড়েরা

>বিশ্বকাপ পুনরুদ্ধার করতে পারলে প্রত্যেক খেলোয়াড়কে ৮ লাখ ২৫ হাজার ইউরো করে বোনাস দেবে স্পেন, ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ জেতাটা এমনিতেই যেকোনো খেলোয়াড়দের কাছে স্বপ্নপূরণের মতো ব্যাপার। তার ওপরে বিশ্বকাপ জেতার পর যদি আকর্ষণীয় বোনাস পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা! ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের ফুটবল ফেডারেশন এর মধ্যেই ঘোষণা দিয়েছে, এবার যদি স্পেন শিরোপা পুনরুদ্ধার করতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড় ৮ লাখ ২৫ হাজার ইউরো করে বোনাস পাবেন! বাংলাদেশি মূল্যমানে ৮ কোটি ২৩ লাখ টাকা।
২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্যাসিয়াস, পুয়োল, জাভি, ইনিয়েস্তারা পেয়েছিলেন ৬ লাখ ইউরো। এবার ডে হেয়া, পিকে, রামোস, অ্যাসেনসিওরা সে কাজটা করতে পারলেই তার থেকে ২ লাখ ইউরো বেশি বোনাস পাবেন! ভাবা যায়?
চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপেও এ রকম বেশি বোনাসের ব্যবস্থা করেছিল স্পেন ফেডারেশন। তখন শোনা গিয়েছিল, বিশ্বকাপ রক্ষা করতে পারলে ৭ লাখ ২০ হাজার ইউরো করে বোনাস পাবে তাঁরা, যদিও সেই বোনাসটা আর পাওয়া হয়নি তাঁদের। প্রথম পর্বে বাদ পড়া স্পেনের হাত থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল অদম্য জার্মানরা।
জার্মানি ফেডারেশন এবার স্পেনের ফেডারেশনের থেকে অর্ধেকেরও কম বোনাস দিচ্ছে খেলোয়াড়দের—৩ লাখ ৫০ হাজার ইউরো করে। আর ফেবারিট ব্রাজিল দলের ফেডারেশন ঘোষণা করেছে বিশ্বকাপ জিতলে ৮ লাখ ইউরো করে পাবেন নেইমার, কুতিনহো, মার্সেলোরা।