ব্রাজিল দল বানিয়ে দেয় স্পনসররা!

‘ও এস্তাদো দেস পাওলো’র দাবি এ বিষয়ে সকল তথ্য প্রমাণই নাকি তাদের কাছে আছে। সাও পাওলো থেকে প্রকাশিত পর্তুগিজ ভাষার দৈনিকটির মতে, বর্তমান সময়ে ব্রাজিল ফুটবল দলে কোন কোন খেলোয়াড় খেলবেন, সেটা নাকি আর কোচ ঠিক করেন না। ঠিক করে দেয় স্পনসর প্রতিষ্ঠানগুলো। স্পনসরদের চাহিদা আর বাণিজ্যিক উদ্দেশ্যকে মূল হিসেবে ধরেই নাকি এখন তৈরি হয় ব্রাজিলের ফুটবল দল।
এই সাংঘাতিক তথ্য পত্রিকাটি প্রকাশ করেছে তাদের হাতে আসা ২০০৬ সালের একটি চুক্তিপত্রের কপি থেকে। সেই চুক্তিপত্রে নাকি পরিষ্কার করেই এই বিষয়গুলো লেখা আছে। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন ও স্পনসর এজেন্ট ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টের (আইএসই) মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে নাকি বলা আছে, ব্রাজিলীয় দলে যে খেলোয়াড়েরা খেলবেন, তাঁদের অবশ্যই বাণিজ্যিক দিক দিয়ে ‘লাভজনক’ হতে হবে। অর্থাৎ, কোচ ইচ্ছা করলেই কোনো তরুণ প্রতিভাকে ব্রাজিলের জার্সি দিয়ে দিতে পারবেন না। সেই প্রতিভাকে অবশ্যই একজন ‘পরিচিত মুখ’ হতে হবে এবং সেই খেলোয়াড়ের বাণিজ্যিক সুনাম থাকতে হবে।
ও এস্তাদো সেই চুক্তিটির এমন কিছু ধারা উল্লেখ করেছে, যা ব্রাজিলীয় ফুটবল দলকে রীতিমতো বিক্রি করে দেওয়ারই নামান্তর। চুক্তিতে নাকি এমন কথাও লেখা আছে, যেখানে দলের কোচ হয়ে যান স্পনসরদের হাতের পুতুল। এমনকি কোন ম্যাচের একাদশ কী হবে, সেটাও নাকি স্পনসরদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ঠিক করার নির্দেশনা সেখানে দেওয়া আছে।
কোনো গুরুত্বপূর্ণ ও ‘বাণিজ্যিক দিক দিয়ে লাভজনক’ খেলোয়াড় যদি চোটজনিত কারণে খেলতে অপারগ হন, তাহলে তাঁর বদলি খেলোয়াড় নিশ্চিত করতে হবে চোটগ্রস্ত তারকা খেলোয়াড়ের মেডিকেল সনদ নিশ্চিত করেই।
পত্রিকাটি লিখেছে, এই চুক্তির যেকোনো ব্যত্যয়ের অর্থ বিপুল অঙ্কের অর্থদণ্ড। হঠাৎ অসুস্থতার কারণে কোনো তারকা খেলোয়াড় (পড়ুন স্পনসরদের পছন্দের খেলোয়াড়) যদি মাঠে নামতে না পারেন, তাহলে প্রতিশ্রুত অর্থ থেকে জরিমানা কেটে রাখার কথাও ওই চুক্তিপত্রে উল্লেখ আছে বলে জানা গেছে।
চুক্তিটির একেবারে শেষ জায়গায় লেখা আছে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ কথাটি, ‘এই চুক্তির সব বিষয় সম্পূর্ণ গোপনীয় এবং দুই পক্ষের কেউই এই চুক্তির কোনো বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের সঙ্গে কথা বলতে পারবে না।’
গত নয় বছর ধরে পর্দার অন্তরালে ঘটে যাওয়া এই ব্যাপারটি আলোয় আসায় রীতিমতো হইচই পড়ে গেছে ব্রাজিলীয় ফুটবল মহলে। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে যে ২০০৬ থেকে ব্রাজিল ফুটবল দলের দায়িত্বে থাকা তিন কোচ-দুঙ্গা, লুই ফেলিপ্পে স্কলারি ও মনো মেনেজেস আসলে ঠুঁটো জগন্নাথ ছাড়া আর কিছুই ছিলেন না। এরা নামে জাতীয় দলের হেড কোচ ছিলেন বটে, কিন্তু আদতে তাঁদের হাত-পা ছিল করপোরেট-দস্যুদের হাতে বন্দী। কেউ কেউ ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে রোনালদোর নির্জীব উপস্থিতির সঙ্গেও এস্তাদো প্রকাশিত তথ্যগুলোর সংযুক্তি খুঁজে পাচ্ছেন। পেটের পীড়ায় আক্রান্ত রোনালদোকে সেদিন স্পনসরদের চাপেই অসুস্থ শরীর নিয়ে মাঠে নামতে হয়েছিল বলে ব্যাপক কানাঘুষা আছে। তবে কী ২০০৬ সালের অনেক আগে থেকেই করপোরেট বাণিজ্যের অন্ধকূপে ব্রাজিল ফুটবলের বিসর্জন হয়ে গেছে?