ব্রাজিল নকআউট পর্ব শুরু করেছে আগেই!

>নকআউট পর্ব নিয়ে আলাদা করে ভাবছে না ব্রাজিল। থিয়াগো সিলভা জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচটাই তাঁদের জন্য ছিল ‘নকআউট’
গ্রুপ পর্বের তিনটি ম্যাচের সঙ্গে নকআউট রাউন্ডের আকাশ-পাতাল পার্থক্য? এমন ভাবনা অনেকের থাকলেও ব্রাজিল অন্তত এ লাইনে ভাবছে না। কেন ভাববে! এবারের বিশ্বকাপে ব্রাজিল নকআউট পর্ব শুরু করেছে যে দ্বিতীয় ম্যাচটি থেকেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরুর পর কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচটিই হয়ে গিয়েছিল ব্রাজিলের জন্য ‘নকআউট’ মানে জীবন-মরণ।
থিয়াগো সিলভা এমনটাই জানিয়েছেন। সে কারণে মেক্সিকোর বিপক্ষে আজকের নকআউট ম্যাচটি আলাদা কোনো অনুভূতি তৈরি করছে না তাঁদের মধ্যে।
সুইজারল্যান্ডের সঙ্গে ২ পয়েন্ট হারিয়ে অস্বস্তিতেই পড়ে গিয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য পরের দুই ম্যাচে তাই জয়ের কোনো বিকল্প ছিল না। হেরে গেলে বা ড্র করলে অনিশ্চিতই হয়ে যেত দ্বিতীয় রাউন্ড। কুতিনহো, নেইমার, পাওলিনহো, সিলভারা ঠিক সময়ে জ্বলে ওঠায় গ্রুপ পর্বের বাধা পার হতে কোনো সমস্যা হয়নি সেলেসাওদের। নকআউট পর্বে তারা ওঠে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।
নকআউট পর্বে অবশ্য পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বাড়ির পথ। হিসাব খুবই সরল। এমন দুশ্চিন্তা মাথায় রেখেও ব্রাজিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে, এমন আশাই করেছেন পিএসজি ও ব্রাজিল তারকা সিলভা, ‘আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচটা যখন ড্র করি, তখন থেকেই আমাদের নকআউট পর্ব শুরু হয়ে গেছে, আমরা এভাবেই দেখছি বিষয়টাকে।’
প্রথম ম্যাচে ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে যোগ করা সময়ে হারায় ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২ গোলে জয় পেলেও, বিশ্বকাপের ফেবারিট দলটি মন ভরাতে পারেনি ফুটবলপ্রেমীদের। নেইমারকে নিয়ে নানা রকম নিয়ে বিতর্ক চলছে চারদিকে। সিলভা অবশ্য এসব নিয়ে কোনো কথা বলেননি।
গতবারের ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে নেইমার-সিলভাদের দেখা হয়েছিল গ্রুপ পর্বেই। ৪ বছর আগের বিশ্বকাপের সেই স্মৃতি এখনো মলিন হয়ে যায়নি। সেবার গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া নামের একটি ‘দেয়ালে’ আটকে গিয়েছিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। খেলাটি হয়েছিল গোলশূন্য। এবারও দারুণ ফর্মে আছেন ওচোয়া।
শেষ ষোলোতে নেইমার-কুতিনহোদের একটা বড় পরীক্ষাই দিতে হবে এই গোলরক্ষকের বিপক্ষে।
সিলভারা অবশ্য প্রস্তুতই সেই পরীক্ষায় উতরে যেতে!