ব্রাজিল? নেইমারকে তো দরকার ফ্রান্সের!

নেইমার চোট কাটিয়ে পূর্ণ সুস্থ থাকবেন তো? সুস্থ যদি হনও, যে স্কিল আর মুভের জন্য নেইমারকে ভয় পান ডিফেন্ডাররা, সেগুলো দেখা যাবে তো? ব্রাজিলিয়ান সমর্থকেরা এখন এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন। ষষ্ঠ বিশ্বকাপ জেতার স্বপ্নটা যে অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপরই। কিন্তু ব্রাজিলের চেয়েও নেইমারকে তো বেশি দরকার ফ্রান্সের। অন্তত দেশটির ফুটবল ফেডারেশন সভাপতির আকুতি শুনে মনে হবে এমনটাই।
দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছে পিএসজি। পায়ের চোটের কারণে মৌসুমের প্রায় অর্ধেক খেলতে পারেননি। তবু এ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যে ফ্রেঞ্চ লিগের জন্য কত বড় তারকা, তা বোঝা যায় এতেই। এর মাঝেই গুঞ্জন শুরু হয়ে গেছে নেইমার এবার রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। আর তাই যদি হয়, তাহলে তো লিগ ওয়ানের জৌলুশ কমে যাবে নিশ্চিত। তাই তাদের আশা, এমন কিছু অন্তত ঘটবে না। নেইমারের গন্তব্য কোথায়, তা ভবিষ্যতের জন্যই তোলা থাক।
নেইমার যাওয়ার পর থেকেই লিগ ওয়ান নিয়ে আগ্রহ বেড়েছে বিদেশি সংবাদমাধ্যমের। উয়েফার রেটিংয়েও পর্তুগিজ লিগকে ছাপিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে ফ্রেঞ্চ লিগ। আজই ফ্রেঞ্চ ফুটবলের টিভি স্বত্ব কিনে নিয়েছে চীনের মালিকানাধীন মিডিয়াপ্রো। পাঁচ (২০২০-২০২৪) বছরের জন্য ১ হাজার ১৫৩ কোটি ইউরো পাচ্ছে ফ্রেঞ্চ লিগ। ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রা তাই চান না নেইমারকে হারাক পিএসজি। ফ্রেঞ্চ ফুটবলের নবজাগরণের জন্য নেইমারকেই অস্ত্র মানছেন তিনি, ‘আমাদের এটা দরকার (নেইমারের ব্র্যান্ডমূল্য)। সে দুর্দান্ত এক ফুটবলার। সে পাঁচ বছরের চুক্তিতে এসেছে। ওকে এখানে থাকতেই হবে। পিএসজি দেখাচ্ছে ওরা বড় তারকাকেও টেনে আনতে পারে।’