ব্রাজিল ফিরল নেইমারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় কত দ্রুতই না সবকিছু ভুলিয়ে দেয়। জুনিগার জন্য দুই মাস আগেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। পরশু পাকেচক্রে দুজনই ব্রাজিল-কলম্বিয়ার অধিনায়ক। ম্যাচ শুরুর আগে হাত মেলানোর পর ম্যাচ শেষে আলিঙ্গন করলেন দুজন (ইনসেটে) l এএফপি
সময় কত দ্রুতই না সবকিছু ভুলিয়ে দেয়। জুনিগার জন্য দুই মাস আগেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের। পরশু পাকেচক্রে দুজনই ব্রাজিল-কলম্বিয়ার অধিনায়ক। ম্যাচ শুরুর আগে হাত মেলানোর পর ম্যাচ শেষে আলিঙ্গন করলেন দুজন (ইনসেটে) l এএফপি

ফোর্তালেজা থেকে ফ্লোরিডা। ৪ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর। এত দ্রুত স্মৃতিতে মরচে ধরে না। আর সেটি যদি দুঃস্মৃতি হয় তাহলে তো নয়ই।

ক্যাস্তেলাও স্টেডিয়ামের সেই ম্যাচটির সঙ্গে শুধু নেইমারের নয়, গোটা ব্রাজিলেরই দুঃসহ স্মৃতি জড়িয়ে আছে। হুয়ান ক্যামিলো জুনিগার ট্যাকলে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, পরের ম্যাচেই জার্মানির সঙ্গে নেইমারহীন ব্রাজিলের মিনেইরাও-ট্র্যাজেডি, ৬৪ বছর পর আরেকবার ঘরের মাঠে দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া—এমন ক্ষত কি এত জলদি শুকায়?

দুই মাস পর প্রতিপক্ষ সেই কলম্বিয়া। নেইমারের সামনে আবারও সেই জুনিগা। ব্রাজিলের ক্ষত শুকানোর আগেই না আবার রক্তক্ষরণ শুরু হয়ে যায়! নামে প্রীতি ম্যাচ, কিন্তু আসলে তো ফ্লোরিডার সান লাইফে বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পুনর্মঞ্চায়ন। তাই ভেতরে ভেতরে যুদ্ধ-যুদ্ধ ভাব। ১-০ গোলে সেই ম্যাচ জিতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন নেইমার। একই সঙ্গে কি আফসোসটাও বাড়িয়ে দিলেন না? তাঁর অসাধারণ গোলেই ব্রাজিলের জয়। সেদিন তিনি কলম্বিয়ার সঙ্গে চোট পেয়ে ছিটকে না গেলে ব্রাজিলের বিশ্বকাপটা অন্য রকম হতে পারত—এ কথাটা যে এখন আরও বেশি করে মনে হবে ব্রাজিলিয়ানদের!

ভেতরের আবহ যেমনই হোক, বাইরে নেইমারের হাতে ছিল শান্তির পতাকা, জুনিগার হাতেও। বিশ্বকাপ-ট্র্যাজেডি ব্রাজিল ফুটবলের অনেক কিছু বদলে দিয়েছে। পালাবদলের হাওয়ায় স্কলারির জায়গায় ফিরেছেন দুঙ্গা। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে অধিনায়কের বাহুবন্ধনী দিয়েছেন নেইমারকে। মায়ামির ম্যাচটা দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেকও হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, নিয়মিত অধিনায়ক মারিও ইয়েপেস হলেও এই ম্যাচে কলম্বিয়াও অধিনায়কের বাহুবন্ধনী দিয়েছিল জুনিগাকে। ম্যাচের আগে দুই অধিনায়কের সাক্ষাৎ-করমর্দনে যদি বরফ গলে মন্দ কী! নেইমার-জুনিগা অবশ্য করমর্দন শেষে পরস্পরের গলা জড়িয়ে ধরেছেন, যেন ‘প্রাণের বন্ধু’! জুনিগার প্রতি কোনো বিদ্বেষ নেই, এটা ম্যাচের আগেই বলেছিলেন নেইমার। বললেন ম্যাচ শেষেও, ‘জুনিগা আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছে। আর কলম্বিয়া তো সব সময়ই একটু শারীরিক ফুটবল খেলে। এটা খেলারই অংশ। আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে আর কী।’

কাকতালীয় ব্যাপার হচ্ছে, সেদিনের ট্যাকলের জন্য দুঃখ প্রকাশ করলেও এই ম্যাচেও জুনিগা ট্যাকল করেছেন নেইমারকে এবং হলুদ কার্ড দেখেছেন! তবে তাঁকে আর বেশি খেসারত দিতে হয়নি, যেটা দিতে হয়েছে হুয়ান কুয়াদ্রাদোকে। ৫০ মিনিটে নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কলম্বিয়ান মিডফিল্ডার। কুয়াদ্রাদো মাঠ ছাড়ার পর ১০ জনের দল হয়ে কলম্বিয়া খেই হারিয়ে ফেলে খেলায়। সেটির সুযোগ নিয়েই ৮৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে সরাসরি গোল করেন নেইমার। সেই গোলটা শোধ করার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলেন বদলি নামা রাদামেল ফ্যালকাও। কিন্তু চোটের কারণে বিশ্বকাপে খেলতে না-পারা কলম্বিয়ান স্ট্রাইকারের যোগ হওয়া সময়ের হেডটা চলে যায় বারের ওপর দিয়ে।

এটা জাতীয় দলে প্রত্যাবর্তন ম্যাচ ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর। তবে শেষ মিনিট পনেরোর জন্য বদলি নেমে খুব একটা নজর কাড়তে পারেনি রবিনহো। তাতে অবশ্য খুব একটা অসন্তুষ্ট নন ব্রাজিল কোচ দুঙ্গা। বরং দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে দলের সামগ্রিক পারফরম্যান্সে বেশ সন্তুষ্টই, ‘জয় তো সব সময়ই আনন্দদায়ক। বিশ্বকাপের পর দলটা বেশ কড়া সমালোচনার মধ্যে দিয়ে গেছে। এই জয় তাঁদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে।’ এএফপি, রয়টার্স।