ব্রাজিল বুঝেই উঠতে পারেনি...

প্রথমার্ধেই ম্যাচটি নিজেদের দিকে টেনে নেয় বেলজিয়াম। রেড ডেভিলদের কৌশল বুঝতে ব্যর্থ হওয়ার খেসারতই ব্রাজিল দিয়েছে বলে জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা
প্রথমার্ধের খেলাই কি তবে ব্রাজিলকে ডোবাল? বেলজিয়ামের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইনা কিন্তু তেমনটিই মনে করেন। প্রথমার্ধের ৩১ মিনিটে রোমেলু লুকাকুর দুর্দান্ত এক পাস থেকে গোল করে ব্রাজিলকে ছিটকে দেওয়া ডি ব্রুইনা মনে করেন, শুরুর দিকে ব্রাজিল খেলাটা ধরতেই পারেনি। বেলজিয়ামের কৌশলের কাছেই হেরে গেছে ব্রাজিল।
বেলজিয়াম এবার দুর্দান্তই এক দল। প্রতি ম্যাচেই সেটি প্রমাণ করেছে তারা। প্রতিটি পজিশনেই ইউরোপের সেরা-তারকা সমৃদ্ধ বেলজিয়ামের এবারের স্বপ্নটা অনেক বড়ই। গত বিশ্বকাপেও দারুণ দল ছিল তাদের। কিন্তু আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেটি হয়নি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের শেষ চারে তারা।
ডি ব্রুইনা মনে করেন, প্রথমার্ধে ব্রাজিল বুঝেই উঠতে পারেনি তাদের কী করা উচিত, ‘আমরা কৌশল পরিবর্তন করে খেলেছি। লুকাকু আর হ্যাজার্ড তাদের জায়গা পরিবর্তন করে খেলেছে। আমি মনে করি আমরা প্রথম ভাগে খুবই ভালো খেলেছি, বেশ কিছু সম্ভাবনা তৈরি করেছি এবং তারা বুঝে উঠতেই পারেনি তাদের কী করা উচিত। দ্বিতীয়ার্ধে তারা নিজেদের কৌশল পরিবর্তন করে খেলেছে এবং আমাদের চেয়ে ভালো খেলেছে, তবু আমরা কিছু সম্ভাবনা তৈরি করেছিলাম।’
প্রথমার্ধেই দুই গোল আদায় করে নিয়েছিল রবার্তো মার্টিনেজের শিষ্যরা। প্রথম গোলটি ছিল ফার্নান্দিনহোর আত্মঘাতী। জটলার মধ্যে কীভাবে যেন বলটা গায়ে লেগে গোলে ঢুকে গেল। এরপর ডি ব্রুইনার সেই গোল। লুকাকু প্রায় নিজেদের সীমানা থেকে বল ধরে তীব্র গতিতে ছুটে ডান প্রান্তে তা বাড়িয়ে দেন ডি ব্রুইনার দিকে। সিটি তারকা সেই বলটি ধরে কোনাকুনি শটে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন। খেলা তো সেখানেই শেষ!
অথচ, বলের দখলে এগিয়ে ছিল ব্রাজিলই। মজার ব্যাপার হচ্ছে, পুরো ম্যাচে বেলজিয়ান রক্ষণ ৪১ বার বল ক্লিয়ার করেছে। মূলত রক্ষণের দেয়াল শক্ত করে গেঁথে প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলেই কাল সফল বেলজিয়াম। বেলজিয়ান দেয়াল বারবার আছড়ে পড়েছেন নেইমার-কুতিনহো-জেসুসরা। ব্রুইনা বেশ খুশি তাদের কৌশল সফল হওয়ায়। তিনি সব কৃতিত্বই দিচ্ছেন দলের রক্ষণভাগকে, ‘আমি আসলে এই জয়ে সব কৃতিত্ব দিতে চাই দলের রক্ষণভাগের খেলোয়াড়দের। ওদের জন্যই মাত্র তিনজন ফরোয়ার্ড নিয়েও ব্রাজিলের মতো দলের বিপক্ষে আমরা ম্যাচ বের করে নিয়েছি।’