ব্রাজিল ভাববে নতুন করে
প্রিয় দলকে স্বাগত জানাতে পরশু সাও পাওলো বিমানবন্দরে শত শত সমর্থক। রবিনহো, ডেভিড লুইজ আর উইলিয়ানরা বেরিয়ে আসার পর তাদের সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে গেলেন অনেকে। রেহাই পাননি কোচ কার্লোস দুঙ্গাও। ভক্তদের সঙ্গে ছবি তোলার আবদার মেটাতে হলো তাঁকেও। দেখে কে বলবে এই দলটা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়ে ফিরে এসেছে! প্যারাগুয়ের সঙ্গে শেষ আটের ওই ম্যাচে টাইব্রেকারে হারের জন্য সংবাদমাধ্যমে সমালোচনা, দুঙ্গার কোচ থাকা না-থাকা নিয়ে গুঞ্জন—সমর্থকেরা সেসবকে পাত্তাই দেননি। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত দুঙ্গাও। কোপা ব্যর্থতায় হতাশা লুকোননি। তবে এ টুর্নামেন্ট থেকে পাওয়া শিক্ষাটা ব্রাজিল কোচ কাজে লাগাতে চান ভবিষ্যতে।
বিমানবন্দরেই সাংবাদিকদের ব্রাজিল কোচ বলেছেন, ‘ব্রাজিল ফুটবল নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। শুধু মাঠের খেলা নিয়ে নয়, মাঠের বাইরের বিষয়েও। আমাদের মেনে নিতে হবে যে অন্য দলগুলোও অনেক উন্নতি করেছে। সুতরাং আমাদের কাজটাও বেড়ে গেছে। কোপার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলে আমরা যে শিক্ষাটা পেয়েছি, সেটা আমাদের কাজে লাগবে।’
কোচের সঙ্গে সুর মিলিয়ে ডিফেন্ডার দানি আলভেজও বলেছেন, ‘যা হয়েছে আমাদের সেটা মেনে নিতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই। কান্নাকাটি করে কোনো লাভ নেই।’
উঠেছে নেইমারের প্রসঙ্গও। লাল কার্ড দেখে নিষেধাজ্ঞা পাওয়ায় প্রথম দুটি ম্যাচের পর আর খেলতে পারেননি নেইমার। তাঁর অনুপস্থিতিই কি টুর্নামেন্ট থেকে ব্রাজিলের এত আগে ছিটকে যাওয়ার বড় কারণ? দুঙ্গা কিন্তু সেটা মনে করেন না, ‘নেইমার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমি মনে করি আমার দলে আরও অনেক ভালো খেলোয়াড় আছে। ওরা শুধু আরেকটু অভিজ্ঞ হলেই চলবে।’ রয়টার্স, ডেইলি মেইল।