ব্রাজিল-মেক্সিকো ম্যাচের ছবি আগেই আঁকলেন রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল ও অ্যাসিস্ট দিয়ে কুতিনহোর শুরুটা ভালো হয়েছে। এখন পর্যন্ত ও-ই ব্রাজিলের সেরা খেলোয়াড়। ছবি: রয়টার্স
গোল ও অ্যাসিস্ট দিয়ে কুতিনহোর শুরুটা ভালো হয়েছে। এখন পর্যন্ত ও-ই ব্রাজিলের সেরা খেলোয়াড়। ছবি: রয়টার্স
>১৯৯৪ বিশ্বকাপের ব্রাজিলের মহানায়ক নিয়মিত কলাম লিখছেন প্রথম আলোয়। আজকের ব্রাজিল-মেক্সিকো ম্যাচে কী হবে, তা আগেই বলে দিলেন রোমারিও। ম্যাচে মিলিয়ে দেখুন তাঁর কথা...

শেষ ষোলোর প্রতিটি রাতই নানা বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছে। প্রথম রাতে ইউরোপের দুটি দলের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকার দুটি দেশ। দ্বিতীয় দিনে দেখা গেছে অল-ইউরোপ লড়াই। আর তৃতীয় দিনে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার চারটি দেশ মুখোমুখি হচ্ছে।

একদিকে ব্রাজিলের সামনে মেক্সিকো, অন্যদিকে বেলজিয়াম-জাপান। সূচিটাই বিপরীত ঘরানার কিছু দলের লড়াইয়ের এক মঞ্চ প্রস্তুত করে রেখেছে। ইউরোপের দলটি এশীয় দলটির চেয়ে অনেকটা এগিয়ে। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি জমজমাট হবে বলেই মনে হচ্ছে।

দিনের প্রথম এই ম্যাচে রোমাঞ্চকর ফুটবল দেখার প্রত্যাশা করাই যায়। জার্মানির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে মেক্সিকো পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মেক্সিকানদের একের পর এক আক্রমণে গতবারের চ্যাম্পিয়নদের দিশেহারা লেগেছিল। বাকি ম্যাচগুলোয় প্রথম দিনের মতো অতটা কর্তৃত্ব দেখাতে পারেনি মেক্সিকো। কিন্তু দলটির আক্রমণে ঝাঁজ ঠিকই বোঝা গেছে। ব্রাজিলের বিপক্ষে তেমনটা দেখা গেলে দারুণ এক লড়াই অপেক্ষা করছে।

মেক্সিকো আক্রমণাত্মক হলে ব্রাজিল অবশ্য আপত্তি করবে না। প্রতিরোধ গড়া এবং মেক্সিকানদের কাছ থেকে খেলা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা—দুটোই এই দলের মধ্যে আছে। দল হিসেবে সেলেসাওরা ক্রমেই উন্নতি করছে। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে ব্রাজিলের শুরুটা একটু সাদামাটাই হয়েছিল। শেষ ম্যাচে ইউরোপের আরেকটা দলের সঙ্গে সেই তারাই প্রভাব বিস্তার করে খেলেছে। ধাপে ধাপে উন্নতির দিক থেকে ব্রাজিলকে টুর্নামেন্টের সেরা দলগুলোর একটি বলতেই হবে।

এই ম্যাচে মেক্সিকোর কৌশল কেমন হয়, সেটা দেখার অপেক্ষায় আছি। হুয়ান কার্লোস ওসোরিওর মতো একজন বিচক্ষণ কোচ আছে দলটির। সতর্ক কৌশলে খেলার মতো খেলোয়াড়ও আছে। আর এটাই মেক্সিকোর প্রতি-আক্রমণকে আরও বিপজ্জনক করে তোলে। মাঝমাঠে বেশি লোক রেখে ওরা সুযোগ বুঝে আক্রমণে যাবে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের মতোই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডদের পরীক্ষায় পড়তে হবে।

তিতের আক্রমণভাগটা দারুণ করছে। গোল ও অ্যাসিস্ট দিয়ে কুতিনহোর শুরুটা ভালো হয়েছে। এখন পর্যন্ত ও-ই ব্রাজিলের সেরা খেলোয়াড়। যেকোনো দেশের রক্ষণকে ভোগানোর ক্ষমতা আছে কুতিনহোর। এখন সময় হয়েছে নেইমারের সেরাটা দেখানোর। সে একটু-আধটু ঝলক দেখিয়েছে বটে। কিন্তু বক্সের মধ্যে রক্ষণচেরা পাস দিয়ে খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে নেইমারকে। আশপাশে যথেষ্ট সমর্থন রয়েছে। দলের সেরা খেলোয়াড়কে নিজের নামের প্রতি সুবিচার করতে হবে এবং গোল করতে হবে।

অন্যদিকে চিচারিতো ও লোজানো প্রতিনিয়ত ব্রাজিলের রক্ষণে আঘাত করতে থাকবে। ব্রাজিলের রক্ষণকে তাই প্রস্তুত থাকতে হবে। মাঝমাঠের রক্ষণ অংশকেও নিজেদের কাজটা করতে হবে। প্রতিপক্ষ যেন মাঝমাঠে ফাঁকা জায়গা না পায়, সে ব্যাপারটা দেখতে হবে কাসেমিরো ও পাওলিনহোকে। সার্বিয়ার বিপক্ষে কিছু ব্যতিক্রম বাদ দিলে ওরা দুজন ভালোই করেছে।

টুর্নামেন্টে মুগ্ধতা-জাগানিয়া দলগুলোর একটি হচ্ছে বেলজিয়াম। দুর্দান্ত মাঝমাঠ নিয়ে রাশিয়া গিয়েছিল রেড ডেভিলরা এবং গ্রুপ পর্বে ৯ গোল করে তিনটি ম্যাচই জিতে তারা প্রত্যাশা মিটিয়েছে। এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনা দারুণ ফর্মে আছে। রোমেলু লুকাকু ৪ গোল করে নিজের উপস্থিতি জানান দিয়েছে। এই দলটাকে দারুণ আত্মবিশ্বাসী লাগছে।

বেলজিয়ামকে থামানো এশিয়ার দলটির জন্য কঠিনই হবে। অবশ্য জাপান সুযোগ বুঝে চকিত আক্রমণে গিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে চাইবে। জাপান এখন পর্যন্ত ৪ গোল করেছে। বেলজিয়ামের রক্ষণকে তাই সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত, রবার্তো মার্তিনেজের এই দলটা প্রস্তুত থাকবে। নিশ্চিতভাবেই তারা আর্জেন্টাইন ডিফেন্ডারদের মতো হতাশাময় একটা দিন পার করতে চাইবে না!