ব্রাজিল ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে ‘ভাঁড়’ বললেন ভিদাল

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আর্তুরো ভিদালকে হলুদ কার্ড দেখান রেফারি প্যাত্রিসিও রুস্তাও।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলি যে গোলের সুযোগ পায়নি তা নয়। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেয়েছে তারা। ব্রাজিলের গোলকিপার এদেরসনের দৃঢ়তায় গোল পায়নি তারা।

চিলি ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্গাসের দুটি প্রচেষ্টা এ সময় রুখে দেন এদেরসন। আর গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখায় বিরতির পর অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। তবু গোল করতে পারেনি তারা।

কিন্তু চিলি তারকা আর্তুরো ভিদালের সব রাগ গিয়ে পড়ল ম্যাচের আর্জেন্টাইন রেফারি প্যাত্রিসিও রুস্তাওয়ের ওপর।

ম্যাচের রেফারিকে ‘ভাঁড়’ বলেছেন মিডফিল্ডার ভিদাল। কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে ব্রাজিলের কাছে ১-০ গোলের হারে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে চিলি।

ম্যাচ শেষে রেফারিকে স্রেফ ধুয়ে দেন ভিদাল। তাঁকে ‘ভাঁড়’ সম্বোধন করে ‘যে নিজেকে ম্যাচের বড় তারকা মনে করে’—এ কথাও বলেন চিলি তারকা।

রেফারির ওপর খেপেছেন ভিদাল।
ছবি: রয়টার্স

বিরতির পর ৪৬ মিনিটে বদলি হয়ে নামা লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এক মিনিট পর জেসুস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একজন কম নিয়েই খেলতে হয় তিতের দলকে। এ সুযোগে বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি চিলি।

ম্যাচ শেষে ভিদাল বলেন, ‘আমরা খুব হতাশ। প্রাপ্যটা আমরা পাইনি। এমন ম্যাচে দরকার হয় সৎ রেফারির, যিনি পক্ষপাতহীন এবং যে কিনা ম্যাচের ভাঁড় হতে চায় না।’

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেও গোলের দেখা পায়নি চিলি। ব্রাজিলের জালে একবার বল পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

হতাশ ভিদালের ভাষ্য, ‘আমরা শুধু গোলটাই পাইনি। রেফারি যদি এমন হয় যে খেলতে দেবে না, সব সময় খেলা থামিয়ে দেবে এবং যদি এমনটা ভেবে নেয় সে-ই মাঠের তারকা—তাহলে বিষয়টি খুব কঠিন হয়ে ওঠে।’

ম্যাচ শেষে নেইমারের সঙ্গে ভিদাল।
ছবি: রয়টার্স

তবে ব্রাজিলকে ফেবারিট মেনে নিয়ে তাদের শুভকামনা জানিয়েছেন ভিদাল, ‘আমরা ফেবারিটদের কাছেই হেরেছি, যারা ঘরের মাঠে খেলছে। আমরা অন্তত মাথা উঁচু করে বিদায় নিতে পারব।’

ম্যাচে দুই দল মিলিয়ে মোট ২৫টি ফাউল হয়। ১৩ বার ফাউল করেন ব্রাজিলের খেলোয়াড়েরা। তাদের চেয়ে একটি ফাউল কম (১২) করেছে চিলি। চারটি হলুদ কার্ড দেখান রেফারি প্যাত্রিসিও রুস্তাও। এর মধ্যে চিলির ৩টি ও ব্রাজিলের ১টি।