ব্রাজিল ম্যাচের আগে সাম্বার ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে দেখা যাবে সাম্বার ছন্দ, তার আগে একটু সুর তোলা হচ্ছে ভায়োলিনে। ছবি: রয়টার্স
মাঠে দেখা যাবে সাম্বার ছন্দ, তার আগে একটু সুর তোলা হচ্ছে ভায়োলিনে। ছবি: রয়টার্স

স্থানীয় সময় রাত নয়টায় ম্যাচ শুরু। দলে দলে মানুষ কাজান অ্যারেনার দিকে ছুটতে শুরু করল বিকেল চারটা থেকে। হলুদ স্রোতের পাশাপাশি চলেছে সোনালি –কালোর দল। মানে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির পাশে বেলজিয়ান সমর্থকেরা।

ব্রাজিল–সমর্থকদের মুখে সেই পরিচিত গান, ব্রাজি ওলে...ওলে...। বেলজিয়াম এমন একটা দেশ, ওদের ভাষা বোঝা মুশকিল। এক কোটি জনসংখ্যার দেশ তিনটি ভাষায় কথা বলে—ফ্লেমিশ (ডাচ), ফ্রেঞ্চ ও জার্মান। কে কোন ভাষায় গান গাইছে বোঝা কষ্টকর।

পুলিশ রাস্তা আটকে দিয়েছে আড়াই কিলোমিটার দূরে চিস্তোপোলস্কায়া এলাকা থেকে। যাদের কার পার্কিং পাস নেই, হেঁটে আসতে হচ্ছে অত দূর থেকে। তাতে অবশ্য কোনো ক্লান্তি নেই। ব্রাজিল–সমর্থকেরা মনের মধ্যে একটা অস্বস্তির চোরাস্রোত নিয়েও আশায় আছেন—কাজান থেকেই পেয়ে যাবে শেষ চারের টিকিট।
এই কাজানে আটকে গেছে আর্জেন্টিনার রথের চাকা। এখানেই গ্রুপ পর্বে অপমৃত্যু হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। সেলেসাও সমর্থকেরা আশাবাদী যে নেইমারদের পা এখানে হড়কাবে না।

কাজান অ্যারেনার পাশে বিশাল অ্যাকুয়াটিক সেন্টার। ২০১৩ সালে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গেমসের ভেন্যু। সেখানে একটু বিরতি নিয়ে ব্রাজিল–সমর্থকদের কয়েকটি গ্রুপ নাচতে শুরু করল সাম্বা। ব্রাজি...ওলে...ওলে...মেসি চাও...মেসি চাও। কাভাকো ও প্যান্ডোরা তুলল সুরের মূর্ছনা। মেসির দল বিশ্বকাপ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে সেই কবে। কিন্তু ব্রাজিলিয়ানরা এখনো মেসিকে ছাড়েনি। আর্জেন্টিনার বিপর্যয়ে ওরা সব সময়ই বড় আনন্দ পায়।

কিন্তু আজ ব্রাজিলের এই হলুদ স্রোত স্টেডিয়াম থেকে সানন্দে, সাম্বার ছন্দ তুলে বেরোতে পারবে তো? ব্রাজিলকে সবাই এগিয়ে রাখলেও বেলজিয়ামের শক্তিমত্তাকে কেউ অবজ্ঞা করতে পারছে না। ‘সোনালি প্রজন্ম’ টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ডরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। নেইমারদের কাজটা সহজ হবে না, মোটেই সহজ হবে না।

অ্যাকুয়াটিক সেন্টার থেকে ৫০ গজ মতো এগোলে মূল রাস্তার পাশে একসঙ্গে একটি বিশাল ফুটবল ও বুটের ভাস্কর্য গড়া হয়েছে। এই বিশ্বকাপের সোনার বল ও সোনার জুতার প্রতীক যেন। ও দুটি এবার কোন দুজনের হাতে উঠবে, সেটিও ঠিক করে কাজান অ্যারেনা। লুকাকু পারবেন ইংল্যান্ডের হ্যারি কেইনের সঙ্গে টক্কর দিয়ে সোনার জুতা জিতে নিতে? কেইনের গোল হয়ে গেছে ৬টি, ৪ গোল নিয়ে তাঁর পরেই রয়েছেন লুকাকু। নিঝনি নোভগোরাদের শেষ আটের দ্বৈরথ একটি বিষয় প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ফ্রান্স উরুগুয়েকে হারিয়ে শেষ চারে উঠে গেলেও কিলিয়ান এমবাপ্পের হয়তো সোনার জুতা জেতা হচ্ছে না। গোল করতে পারেননি একটিও। উরুগুয়েকে বিদায় করে দিয়েছে রাফায়েল ভারান ও আঁতোয়ান গ্রিজমানের গোল।

স্টেডিয়ামে আসার পথে অনেক ব্রাজিলিয়ান–সমর্থকই ভিডিও স্ট্রিমিং দেখছিলেন স্মার্টফোনে। ফ্রান্সের জয় নিশ্চিত হওয়ার পর ছড়িয়ে পড়ল সমবেত চিৎকার, ‘ফ্রান্স, অপেক্ষা করো সেন্ট পিটার্সবার্গে। আমরা আসছি।’
কাজান অ্যারেনার স্টেডিয়ামের গায়ে বিশাল এলইডি পর্দা, স্টেডিয়াম পরিচিতিতে যেমনটা লেখা আছে তাতে এটাই বিশ্বের বৃহত্তম। এই পর্দায় বিশ্বকাপের মাসকট জাবাভিকা দুষ্টুমি করে বেড়াচ্ছে সারাটা ক্ষণ। দুই পাশ থেকে ভেসে উঠছে কাজানের দর্শনীয় স্থানগুলো। কাজান ক্রেমলিন। কুল শরিফ মসজিদ। আর মাঝে মাঝেই দেওয়া হচ্ছে মহারণের ঘোষণা: ব্রাজিল বনাম বেলজিয়াম। বাঁ পাশে ব্রাজিলের পতাকা, ডান পাশে বেলজিয়ামের। জার্মানির পতাকাটা উল্টো করে ধরলেই সেটি হয়ে যায় বেলজিয়ামের পতাকা।

বেলজিয়ামকে পাঁচটি বিশ্বকাপজয়ী দক্ষিণ আমেরিকার ফুটবল জাদুকরদের সঙ্গে টক্কর দিতে হলে জার্মানির মতো আত্মপ্রত্যয় নিয়েই খেলতে হবে।
দিনের আলো মরে এসেছে। রাত নয়টায় যখন ম্যাচ শুরু হবে তখনো গাছগাছালির ফাঁকে ফাঁকে ঝুলতে থাকবে কিছু রোদ্দুর। এই মরা আলোয় কার মৃত্যু হবে, সে কথা লেখা আছে শুধু কাজানের সবুজ বুকে।