ব্রাজিল সমর্থকদের অভয় দিচ্ছেন জেসুস

গ্যাব্রিয়েল জেসুস বললেন তিনি ভালো আছেন, চোট অতটা মারাত্মক কিছু নয়। সবচেয়ে বড় কথা, সুস্থ হয়ে উঠতে তাঁর কোনো অস্ত্রোপচার লাগবে না।
ইনস্টাগ্রামে ব্রাজিলীয় তারকার এই পোস্টে নিশ্চয়ই অনেকটাই নির্ভার হবেন ব্রাজিলের সমর্থকেরা। এই সময় ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ড তারকার চোটে পড়াটা যে তাঁদের জন্য বিরাট ধাক্কা। সামনেই যে রাশিয়া বিশ্বকাপ। এবার ব্রাজিলের স্বপ্ন অভিযানের অন্যতম ভরসা যে তিনিই।
রোববার বার্নলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় জেসুসকে। এ সময় তাঁর কান্না, ব্যথাতুর চেহারা দেখে অনেকেরই শঙ্কা জেগেছিল, জেসুসকে হয়তো বড় একটা সময়ের জন্যই হারাতে হচ্ছে। কেউ কেউ তো শঙ্কা ছড়িয়েছিলেন তিনি বিশ্বকাপটাও খেলতে পারবেন কি না। অন্যদের দোষ দিয়ে লাভ নেই। স্বয়ং সিটি কোচ পেপ গার্দিওলা নিজেও বলেছিলেন, দুই মাসের আগে জেসুস ফিরতে পারবে কি না সন্দেহ! ঊরু ও পায়ের সংযোগস্থলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে তো তেমন কিছু মনে হওয়াটাই স্বাভাবিক।
বিশ্বকাপের বছর বলেই হয়তো ব্রাজিল সমর্থকদের ভয়টা বেড়েছিল। কারও কারও শঙ্কা ছিল, হয়তো বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে উঠবেন না জেসুস। সমর্থকদের অভয় দিতেই যেন এবার নিজে হাজির হলেন সামাজিক মাধ্যমে। জেসুস লিখেছেন, ‘আজ একটা মেডিকেল পরীক্ষা করিয়েছি। সেই পরীক্ষায় পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটি ধরা পড়েছে। তবে ঈশ্বরকে ধন্যবাদ, চোটটা খুব বড় কিছু নয়। আমাকে কোনো অস্ত্রোপচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। কথা দিচ্ছি, যতটা সম্ভব দ্রুত ফেরার চেষ্টা করব। ভক্তদের সবাইকে আমার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা। ২০১৮ সালটা হতে যাচ্ছে আমারই।’