ব্রাজিল–উরুগুয়ের বিপক্ষে মেসি–দিবালাকে নিয়েই আর্জেন্টিনা

পাওলো দিবালা ও লিওনেল মেসিফাইল ছবি: এএফপি

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের জন্য কাল ৩৪ জনের স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকাজয়ী স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড় জায়গা পেয়েছেন দলে। আর্জেন্টাইন লিগে খেলা বেশ কজন তরুণকেও দলে ডেকেছেন স্কালোনি।

চোট নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও লিওনেল মেসিকে নিয়েই স্কোয়াড গড়েছেন স্কালোনি। চ্যাম্পিয়নস লিগে গতকাল লাইপজিগের বিপক্ষে ম্যাচটি চোটের কারণে খেলতে পারেননি মেসি।

৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক হাঁটুতে চোট পেলেও তা নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলে তখন জানিয়েছিল আর্জেন্টাইন তারকার ক্লাব পিএসজি। চোটের কারণে গত মাসে আর্জেন্টিনার বাছাইপর্বের ম্যাচ খেলতে না পারা পাওলো দিবালাও ডাক পেয়েছেন দলে। উরুতে চোট পাওয়ায় অক্টোবরের বাছাইপর্ব খেলতে পারেননি জুভেন্টাস তারকা।

দি মারিয়াকে আক্রমণভাগে রেখেছেন স্কালোনি
ছবি : রয়টার্স

১৩ নভেম্বরে মন্টেভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দেবে স্কালোনির দল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এ মহাদেশ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল সরাসরি জায়গা করে নেবে কাতার বিশ্বকাপে।

দলে সাত নতুন মুখ ডেকেছেন স্কালোনি। ভেলেজ উইঙ্গার থিয়াগো আলমাদা, রিভারপ্লেট উইঙ্গার সান্তিয়াগো সিমোন, বোকা জুনিয়র্স উইঙ্গার এজেকিয়েল জেবালোস, বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ক্রিস্তিয়ান মেদিনা, জুভেন্টাস ফরোয়ার্ড মাতিয়াস সুলে, রোজারিও সেন্ট্রালের ডিফেন্ডার গাস্তন আভিলা ও দ্বিতীয় বিভাগের তিগ্রের গোলকিপার ফেদেরিকো গোমেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই সাত নতুন মুখকে নিয়ে আপাতত ভাবনা নেই স্কালোনির। স্কোয়াডের সঙ্গে রেখে এই তরুণদের আপাতত পরিণত করে তুলতে চান তিনি। বদলি হিসেবে খেলাবেন কি না, সেটিও নিশ্চিত নয়।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতালান্তা), ফেদেরিকো গোমেজ (তিগ্রে)।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেসে), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), জেরমান পেৎসেলা (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনিয়া (সেভিয়া) ও গাস্তন আভিলা (রোসারিও)।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), এনজো ফার্নান্দেজ (রিভারপ্লেট), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (টটেনহাম), নিকোলাস দমিঙ্গেজ (বোলোনিয়া), সান্তিয়াগো সিমোন (রিভারপ্লেট), ক্রিস্তিয়ান মেদিনা (রিভারপ্লেট), মাতিয়াস সুলে (জুভেন্টাস) ও থিয়াগো আলমাদা (ভেলেজ)।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (পিএসজি), লিওনেল মেসি (পিএসজি), লওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), ইউলিয়ান আলভারেজ (রিভারপ্লেট), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা) ও এজেকিয়েল জেবালোস (বোকা জুনিয়র্স)।