
পরিকল্পনার ঠাসবুননি তাদের খেলায় সব সময় থাকে না, প্রতিটি মুহূর্তে ঠিক হিসাব কষা ফুটবলও নয়। লাতিন আমেরিকার দলগুলোর ফুটবলে বরং চোখের সামনে ভেসে ওঠে খেয়ালি সৃষ্টিশীলতা, ব্যক্তিগত নৈপুণ্য। আর গোল!
কিন্তু শতবর্ষপূর্তি কোপা আমেরিকার প্রথম দুই দিন শেষে কে বলবে এটি মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলোর টুর্নামেন্ট? প্রথমবারের মতো টুর্নামেন্টটা নিজ মহাদেশ থেকে সরে যুক্তরাষ্ট্রে আসতেই যেন নিজস্ব ফুটবলের স্বকীয়তাও উধাও। গতকাল পর্যন্ত টুর্নামেন্টের চারটি ম্যাচ গোল দেখল মাত্র তিনটি। কাল দ্বিতীয় দিনে তিন ম্যাচ মিলিয়েও গোল একটি!
দিনের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে এক গোল করে দিনটিকে পুরো নিষ্ফলা যেতে দেয়নি পেরু। প্যারাগুয়ে-কোস্টারিকা ম্যাচ কোনো গোল দেখেনি। যে ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেই ম্যাচটিতেও গোল হয়নি, ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ, জয় দিয়ে শুরু করতে না পেরে হতাশই হওয়ার কথা ব্রাজিলের। তবে কাল কার্লোস দুঙ্গার দলের সঙ্গী থাকতে পারে একটা স্বস্তিও—একটুর জন্য হারের মুখ দেখতে হয়নি! দ্বিতীয়ার্ধে জালে বল জড়িয়ে দিয়েছিল ইকুয়েডর। কিন্তু বল আগেই বাইলাইনের বাইরে চলে যাওয়ায় গোল দেননি রেফারি।
ম্যাচের ৬৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ইকুয়েডরের মিলার বোলানোসের ক্রস ধরতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। গোলের উল্লাস করতে যাওয়ার মুখে ভ্যালেন্সিয়া-বোলানোসরা দেখেন সহকারী রেফারি পতাকা উঁচিয়ে ধরেছেন। বোলানোস ক্রস করার আগে বল নাকি লাইন অতিক্রম করে গিয়েছিল। ইকুয়েডর কোচ গুস্তাভো কিন্তেরস রেফারির এই সিদ্ধান্তে খুশি নন, ‘ভিডিওটি ২৫ বার দেখেছি আমি। বল পুরোপুরি বাইরে যায়নি। হয়তো ৬৫ শতাংশ, কিন্তু পুরোটা নয়। অথচ রেফারি ৫০ গজ দূর থেকে দেখেও কত সহজে সিদ্ধান্ত নিয়ে নিলেন।’
ব্রাজিলের ম্যাচ অথচ সেটির প্রতিবেদনে বিতর্ক-গোলখরা শব্দগুলোই বেশি আসছে। এ থেকেই বুঝে নেওয়া যায় ম্যাচটা কেমন হয়েছে। নীল রঙের অ্যাওয়ে জার্সি পরা ব্রাজিলের খেলায় ছিল না ‘ব্রাজিলীয়’ ছন্দ, বারবার প্রতিপক্ষের ডি-বক্সের সামনে এসে খেই হারিয়েছে কুতিনহো-উইলিয়ানদের আক্রমণগুলো। নেইমারের অভাব কি আক্রমণভাগে একটু বেশিই অনুভব করেছেন দুঙ্গা? স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে বার্সেলোনা ফরোয়ার্ডও হয়তো উসখুস করেছেন মাঠে নামার জন্য।
অবশ্য ম্যাচের শুরুতেই কুতিনহোর শট ইকুয়েডর গোলরক্ষক এস্তেবান দ্রিয়ার ফিরিয়ে না দিলে বা শেষদিকে লুকাস মউরার হেড পোস্টে বাতাস লাগিয়ে বাইরে না গেলে হাসিমুখেই মাঠ ছাড়তে পারত ব্রাজিল। মিডফিল্ডার রেনাতো অগুস্তো অবশ্য টুর্নামেন্টের সবচেয়ে দ্রুতগতির দলটির বিপক্ষে এমন ড্র মেনে নিচ্ছেন, ‘ইকুয়েডর কৌশলগতভাবে খুব ভালো খেলেছে। আমাদের শক্তির জায়গাগুলোকে নির্বিষ করে রেখেছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পরের দুটি ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়া।’
৯ জুন হাইতি ও ১৩ জুন পেরুর সঙ্গে খেলবে ব্রাজিল। এএফপি, রয়টার্স।