ব্রাজিলকে আজ যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর বিপক্ষে অভিজ্ঞদের জ্বলে ওঠা প্রত্যাশা সবার। ছবি: রয়টার্স
মেক্সিকোর বিপক্ষে অভিজ্ঞদের জ্বলে ওঠা প্রত্যাশা সবার। ছবি: রয়টার্স
>বিশ্বকাপের প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল মেক্সিকো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরের ম্যাচও জয় পেয়েছে তারা। সমস্যা হয়েছে কেবল সুইডেনের বিপক্ষেই। ৩-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড-যাত্রাই শঙ্কায় ফেলে দিয়েছিল তারা। কিন্তু একই গ্রুপে জার্মানির ব্যর্থতা তাদের কপাল খুলে দেয়। তবে আজ নক-আউট পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলকে বেশ সতর্কই থাকতে হচ্ছে। মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ব্রাজিলকে আজ কী করতে হবে, সেটিই জানিয়েছেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক


মেক্সিকোর প্রতি আক্রমণ প্রতিরোধ
প্রতি আক্রমণে ভয়ংকর বলা হয় জার্মানিকে। সেই জার্মানদেরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাকানি-চুবানি খাইয়েছে মেক্সিকো। প্রতি আক্রমণ থেকেই গোল করে জার্মানির কপাল পোড়ায় মেক্সিকানরা।

শুধু জার্মানির বিপক্ষে ম্যাচেই নয় গ্রুপের অন্য দুটি ম্যাচেও তাঁরা দেখিয়েছে এবার বড় দলগুলোর বিপক্ষে তাঁদের পরিকল্পনাটাই প্রতি আক্রমণ-নির্ভর। দলে দ্রুতগতির ফুটবলার থাকায় এতে তারা সফলও হচ্ছে। ব্রাজিলকে জিততে হলে মেক্সিকোর প্রতি আক্রমণ প্রতিহত করতেই হবে।

আক্রমণে ভিন্নতা আনা
অতীতে আমরা যেভাবে ব্রাজিলকে দেখে এসেছি, রাশিয়া বিশ্বকাপে এখনো সেভাবে দেখতে পাচ্ছি না। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা নকআউটপর্বে এসেছে। মোট গোল করেছে পাঁচটি। কিন্তু আক্রমণভাগে এখনো ‘ব্রাজিলিয়ান ট্রেডমার্ক’ কিছু দেখা যাইনি। প্রতিপক্ষের পুরো রক্ষণভাগকে বোকা বানিয়ে এখনো গোল করতে পারেনি তাঁরা। কারণ আক্রমণে ভিন্নতা নেই। ভিন্ন কিছু তাদের ভাবতেই হবে।
শেষ তিনটি ম্যাচেই দেখা গিয়েছে মাঝখানের জাগাটা দিয়ে তারা প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে চাচ্ছে। এতে যে তারা খুব বেশি সফল হয়েছে, তা বলা যাবে না। তাদের উইংপ্লে খুব একটা দেখা যাচ্ছে না। সুতরাং প্রতিপক্ষ ধরেই নিয়েছে ব্রাজিলের আক্রমণগুলো সব মাঝখানের জায়গা দিয়ে।

আক্রমণভাগে তৃতীয় ব্যক্তির যোগ
সার্বিয়ার বিপক্ষে তৃতীয় অ্যাটাকার হিসেবে আক্রমণে যোগ দিয়েই দুর্দান্ত গোল করেছেন পাওলিনহো। প্রথম সফল আক্রমণেই গোল করেছেন তিনি। মেক্সিকোর টাইট রক্ষণভাগ ভাঙতে প্রতিটি আক্রমণেই এভাবে তৃতীয় কাউকে যোগ দিতে হবে। ব্রাজিলিয়ানরা বলের ওপরে দক্ষ হওয়ায় ছোট জায়গার মধ্যেও খুব ভালো করতে পারে। কিন্তু এর জন্য দরকার নিজেদের মধ্যে খুব ভালো বোঝাপড়া।

অভিজ্ঞদের জ্বলে ওঠা
নকআউট ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। ফলে দায়িত্বটা অভিজ্ঞদের বেশি নিতে হয়। আর বর্তমান ব্রাজিল দলটি অভিজ্ঞতায় পরিপূর্ণ। দলে থিয়াগো সিলভা, নেইমার, পাওলিনহোদের মতো খেলোয়াড় আছে। কিন্তু নেইমারকে এখনো তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। আজ তাঁর জ্বলে ওঠাটা খুব জরুরি। নেইমার নিজের ছন্দে ফিরতে পারলে তরুণ জেসুসদের সাহসটাও অনেক বেড়ে যাবে।