ব্রাজিলকে নিয়ে ভয় পাচ্ছে কম্পানি অ্যান্ড কোং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বেলজিয়াম ব্রাজিলকে ভয় পাচ্ছে, বললেন মিরান্দা
বেলজিয়াম ব্রাজিলকে ভয় পাচ্ছে, বললেন মিরান্দা

আজ দুই দলেরই ডিফেন্ডারদের লড়াই! যে দলের ডিফেন্স ভালো করবে, শেষ চারে যাবে সেই দলটাই!

প্রতিপক্ষের নাম যখন ব্রাজিল, ডিফেন্ডারদের ওপর বাড়তি চাপ তো থাকবেই। তবে ভিনসেন্ট কম্পানির কথা শুনলে মনে হবে, ব্রাজিলকে তেমন গা করছে না বেলজিয়াম। বেলজিয়ামের ডিফেন্ডার দাবি করেছেন, ‘এমন তো নয়, ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে ভাবতে ভাবতে আমরা নির্ঘুম রাত কাটিয়েছি।’ তবে কম্পানি অ্যান্ড কোং নাকি ঠিকই ভয় পাচ্ছে। ভয় আড়াল করতেই ভাব দেখাচ্ছে, এ আর এমন কী! ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দার দাবি এমনই।

ব্রাজিল এবারের সবচেয়ে ফেবারিট। দিন যত গড়াচ্ছে, ব্রাজিলের ধার তত বাড়ছে। তবে নেইমারদের মূল পরীক্ষাটা আজ থেকে শুরু। আজই বিশ্বকাপে বলতে গেলে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়বে তারা। ব্রাজিল-বেলজিয়ামের ফলাফল বলে দেবে, শিরোপা হাতে তুলতে প্রস্তুত কি না ব্রাজিল। অর্থাৎ শুধু জিতলে হবে না, জেতার মধ্যে থাকতে হবে হুংকার। ফলে আজ নেইমার-কুতিনহো নিজেদের ঢেলে দেবেন। এই আক্রমণভাগ সামলাতে কঠিন পরীক্ষা দিতে হবে কম্পানি ও তাঁর রক্ষণসঙ্গীদের। তবে কম্পানি এর আগে একটা মনস্তাত্ত্বিক খেলা খেলেছেন। শেষ আটের মাত্র দুটি দল এই আসরে সব কটি ম্যাচ জিতে এসেছে। বেলজিয়াম তাদের একটা। পাল্টা হুংকার কম্পানি দিতেই পারেন।

তবে এ ম্যাচের অধিনায়ক মিরান্দা মনে করেন, ‘আমার ধারণা, নিজেদের ভয় লুকাতেই ও এমন মন্তব্য করেছে। আপনার প্রতিপক্ষের নাম যখন ব্রাজিল, আর আপনার দলে যখন কম্পানির মতো নেতা থাকবে, আপনি সতীর্থদের আত্মবিশ্বাস জোগানোর জন্য হলেও এমন মন্তব্য করবেন। যেমনটা আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা আমাদের বলে থাকেন।’ এই ব্রাজিল ধারে-ভারে আরও বাড়ছে। মার্সেলো ফিরছেন একাদশে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বেলজিয়ামের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে। ব্রাজিল শিবিরে তেমন কোনো চাপ নেই। যেন শেষ চার তারা দেখতেই পাচ্ছে।

তবে বেলজিয়ামকে হালকাভাবে নিলে ভুল করবে ব্রাজিল। শুধু চার ম্যাচে জয় তুলে নেওয়া নয়, এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেই শেষ আটে এসেছে দলটি। দলে তারকারও কোনো কমতি নেই। শক্তিমত্তার দিক থেকে বেলজিয়ামও যে ব্রাজিলের চেয়ে পিছিয়ে নেই, তা স্বীকার করতে হয়েছে মিরান্দাকে, ‘বেলজিয়ামে শুধু লুকাকুই নেই। বর্তমানে বেলজিয়াম খুব ভালো আক্রমণাত্মক দল। কিন্তু প্রতিপক্ষকে কীভাবে থামাতে হবে, সে ব্যাপার নিয়ে সজাগ থাকতে হবে তাদের। ওরা খুব দক্ষ, অনেক লম্বাও। তাই ওদের আটকাতে আমাদের ডিফেন্ডারদের খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে।’

আজ আসলে দুই দলেরই ডিফেন্ডারদের লড়াই! যে দলের ডিফেন্স ভালো করবে, শেষ চারে যাবে সেই দলটাই!