ব্রাজিলকে নেইমার-সর্বস্ব মানেন না ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারই ব্রাজিলের সবকিছু নয়। ছবি: রয়টার্স
নেইমারই ব্রাজিলের সবকিছু নয়। ছবি: রয়টার্স
>বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ব্রাজিল-বেলজিয়াম। অপর কোয়ার্টার ফাইনালে খেলবে উরুগুয়ে ও ফ্রান্স। এই দুই ম্যাচের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন ডিয়েগো ম্যারাডোনা

কোয়ার্টার ফাইনালের প্রথম রাতটা হবে বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান প্রতিনিধিত্ব টিকিয়ে রাখার লড়াই। বেলজিয়াম ও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল ও উরুগুয়েকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে প্রতিযোগিতা এমনিতেই কঠিন হয়ে পড়ে। এর বাইরে আমার এক বা দুই প্রতিবেশীই আবার নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। 

তিতের অধীনে ব্রাজিলের রক্ষণের উন্নতিতে বড় ভূমিকা কাসেমিরোর। ব্রাজিলিয়ান রক্ষণপর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকা কাসেমিরোর। ব্রাজিলের চারটি ম্যাচেই তাঁর উপস্থিতি টের পাওয়া গেছে। দুটি হলুদ কার্ডের কারণে কাসেমিরোকে ছাড়া ইউরোপের অন্যতম সেরা দলের মুখোমুখি হওয়াটা চিন্তায় ফেলবে ব্রাজিলকে। উরুগুয়ে দলের যা খবর, এডিনসন কাভানি চোট থেকে সেরে ওঠেনি। তার মানে হলো, উরুগুইয়ান আক্রমণকে ভয়ংকর করে তোলা দুই স্ট্রাইকারের একজনকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।

চার বছর আগের তুলনায় এই ব্রাজিল দলটা অনেক ভালো। সেবার তো নেইমার-সর্বস্ব একটা দল ছিল ওদের। ব্রাজিল শুধু টানা তিন ম্যাচেই জেতেনি, নেইমার-কুতিনহোতে ভর করে দলটির আক্রমণভাগও আরও বেশি ভীতি-জাগানিয়া হয়ে উঠছে। গত ম্যাচে উইলিয়ানের পারফরম্যান্সও নজর কেড়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল ব্রাজিলের রক্ষণ। প্রথম ম্যাচে (সুইজারল্যান্ডের বিপক্ষে) গোল খাওয়ার পর আর দলটির জালে বল ঢোকেনি। ৪-২-৩-১ ছকে খেলা তিতের দলে প্রতিটি বিভাগে দুর্দান্ত সব খেলোয়াড় আছে। তবে রক্ষণের ঠিক আগের অংশে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে (কাসেমিরো) হারানোটা কীভাবে ব্রাজিল সামলায়, সেটাই এখন দেখার।
জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়া জয়সহ টানা চারটি জয় বেলজিয়ামকে এনে দিয়েছে উত্তুঙ্গ আত্মবিশ্বাস। এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনাকে নিয়ে সাজানো বেলজিয়ামের মাঝমাঠটা দারুণ প্রতিভাবান। আরও রয়েছে রোমেলু লুকাকুর মতো বিপজ্জনক একজন স্ট্রাইকার। সঙ্গে (জাপান ম্যাচে জয়ের পর পাওয়া) মানসিক শক্তিতে বলীয়ান হয়ে এই দলটা আরও ভয়ংকর হয়ে উঠছে। বেলজিয়াম মাঠে ব্রাজিলের পরীক্ষা নেবে। একই সঙ্গে বেলজিয়ান রক্ষণকেও প্রস্তুত থাকতে হবে কঠিন পরীক্ষার জন্য। ৩-৪-২-১ ছকে খেলা দলটির রক্ষণ তাদের শক্তির বড় জায়গা নয়। কাজেই প্রতিপক্ষ যেন তাদের রক্ষণকে চাপে না ফেলতে পারে, সেটা নিশ্চিত করা হবে দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

বিশ্বকাপের সবচেয়ে বড় তারকাদের বিদায় করা দুই দল মুখোমুখি হবে অন্য এক কোয়ার্টার ফাইনালে। ফ্রান্সের লিও মেসির আর্জেন্টিনাকে হারানো এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে উরুগুয়ের বিদায় করে দেওয়াটা কোনো বিস্ময় ছিল না। ব্যক্তিগত ঝলকের ওপর নির্ভর করা দুই দলকে (আর্জেন্টিনা-পর্তুগাল) দল হিসেবে হারিয়েছে তারা (ফ্রান্স-উরুগুয়ে)। আগেও বলেছি, মাঝমাঠের গতি আর আক্রমণভাগের ধারই ফ্রান্সকে ঈর্ষণীয় এক দলে পরিণত করেছে। অন্যদিকে উরুগুয়ে প্রতিপক্ষকে স্বাভাবিক ছন্দে খেলতে দেয় না। সঙ্গে দলটির এমন দুজন স্ট্রাইকার আছে, যারা ছোট ছোট সুযোগও কাজে লাগাতে সক্ষম।
কাভানির চোট উরুগুয়ের জন্য খারাপ খবর। তাকে ছাড়া উরুগুয়ের আক্রমণের ধার কমে যাবে। লুইস সুয়ারেজের সঙ্গে ওর বোঝাপড়াটা দারুণ। দলকে ৪-১-২-১-২ ছকে খেলানো অস্কার তাবারেজ গোলের জন্য এই দুজনের ওপরই নির্ভর করে থাকে। কাভানিকে হারানো তাই তাবারেজের জন্য বড় ক্ষতি হবে। তাদের রক্ষণের ওপর আমার ভরসা আছে। কিন্তু ফর্মে থাকা স্ট্রাইকারের না থাকা এ রকম বড় একটা ম্যাচে ডিফেন্ডারদের কাজটা কঠিন করে তুলছে।

ফ্রান্সের শক্তির জায়গা মাঝমাঠ। মাঠের ওই অংশের খণ্ডযুদ্ধগুলোতে জিততে পারলে দলটির আক্রমণ আরও বেশি গতি পাবে। কিলিয়ান এমবাপ্পের উত্থানটা দেখতে দারুণ লাগছে। নিজের গতি কাজে লাগিয়ে স্বাধীনভাবে খেলার লাইসেন্স দেওয়া হয়েছিল তাকে। আর্জেন্টিনার বিপক্ষে সেটা সে কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছে! উরুগুয়ের বিপক্ষে সে হয়তো একই রকম (আর্জেন্টিনা ম্যাচের মতো) ফাঁকা জায়গা পাবে না। উরুগুইয়ান রক্ষণ প্রতি মুহূর্তে তাকে চোখে চোখে রাখবে। সবকিছু মাথায় রেখেই ফ্রান্সকে একটুখানি এগিয়ে রাখতে হয়। তবে নিশ্চিত থাকুন, উরুগুয়ে ফরাসিদের কাজটা কঠিন করার জন্য সাধ্যের মধ্যে সবকিছু করবে।