ব্রাজিলকে স্বপ্ন দেখাতে প্রস্তুত সেনাপতি নেইমার

বয়স নেইমারের কাছে স্রেফ একটা সংখ্যা। ১৭ বছর বয়স থেকেই আন্তর্জাতিক তারকা। প্রথম বিশ্বকাপেই আলাদা করে আলো ছড়িয়েছেন। ২২ বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা ছয়ে। আবারও বলতেই হচ্ছে, বয়সটা নেইমারের কাছে স্রেফ একটা সংখ্যা।
সেই নেইমারের কাঁধে এবার ব্রাজিলের নেতৃত্বভার দিয়েছেন দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসা কার্লোস দুঙ্গা। দুই ম্যাচে দুই জয়েই ভূমিকা রাখা—এ যেন যোগ্য সেনাপতি। হয়তো ব্রাজিলের খেলায় সমর্থকদের পুরো মন ভরেনি। তবে নেইমার বলছেন, একটু সময় দিতেই হবে দলকে। আর ব্রাজিলের সেই সুদিন ফিরিয়ে আনার মিশনটির দায়িত্ব নিতে পুরো প্রস্তুত।
ইকুয়েডরের বিপক্ষে জেতার পর নেইমার বলেছেন, ‘আমি এখনো নেতা হিসেবে হয়তো তরুণ। আমি হয়তো দলের সবচেয়ে তরুণ খেলোয়াড়দের একজন। কিন্তু তাতেও আমি খুশি। জাতীয় দলের হয়ে সেই প্রথম দিনটি থেকে আজ পর্যন্ত গত চার বছরে আমি অনেক কিছু শিখেছি। এখন দলে যখন নতুন কেউ আসবে, আমি তাকে মানিয়ে নিতে সাহায্য করতে পারি।’
দুই ম্যাচে ব্রাজিলের খেলায় যাঁরা তৃপ্ত নন, তাঁদের উদ্দেশে নেইমারের বার্তা, ‘আমি তো বলব, দুটো ম্যাচের ফলই ভালো। দুটো ম্যাচই আমাদের জন্য অনেক কঠিন ছিল। তাই শেষ পর্যন্ত জেতাটা অবশ্যই ইতিবাচক। এ কারণেই আমরা খুশি।’
গত ম্যাচে সহজতম একটা সুযোগ নষ্ট করেছেন। একদম গোলমুখ থেকেও বল জালে জড়াতে পারেননি। তবে নেইমার বলছেন, এ নিয়ে নির্ঘুম রাত অন্তত তাঁর কাটবে না, ‘আসলে বলটা অনুমানের চেয়ে একটু বেশি জোরে এসেছিল। তাই বেশি নড়েছে। পায়ের পাতায় ঠিকমতো সংযোগটা করতে পারিনি। অনেক ওপর দিয়ে বল চলে গেছে। তবে এটা খেলারই অংশ।’ সূত্র: গোলডটকম।