ব্রাজিলকে হারিয়ে সার্ব-চমক
ষষ্ঠ শিরোপা অর্থাৎ ‘হেক্সা’ হলো না ব্রাজিলিয়ান যুবাদের। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে কাল অতিরিক্ত সময়ের গোলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল সার্বিয়া। যুগোস্লাভিয়া ভেঙে আত্মপ্রকাশের পর এই প্রথম টুর্নামেন্টে খেলল সার্বিয়া। ফাইনালে উঠে জিতে নিল শিরোপাই।
অথচ অকল্যান্ডের ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই ছিল ফেবারিট। শিরোপা জিতে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলার হাতছানিও ছিল দলটির সামনে। কিন্তু অতিরিক্ত সময়ের খেলা শেষের দুই মিনিট আগে গোল খেয়ে হলো শিরোপাবঞ্চিত! সার্বিয়ার জয়সূচক গোলটি করেন ম্যাকসিমোভিচ। এর আগে প্রথম ৯০ মিনিটের খেলায় ৭০ মিনিটে মানদিচের গোলে প্রথম এগিয়ে যায় সার্বিয়াই। তিন মিনিট পরে ব্রাজিলকে সমতায় ফেরান পেরেইরা। গোটা ম্যাচজুড়েই দারুণ খেলেছেন সার্বিয়ান গোলরক্ষক-অধিনায়ক প্রেদ্রাগ রাইকোভিচ। প্রথমার্ধে ব্রাজিলের জিন কার্লোস এবং গ্যাব্রিয়েলার দুটি শট অসামান্য তৎপরতায় রুখে দেন রাইকোভিচ।
এর আগে স্থান নির্ধারণী খেলায় সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে মালি। এএফপি, রয়টার্স।