ব্রাজিলিয়ান ঝলকে রিয়ালের গোল-উৎসব
ঠিক এমন ভিনিসিয়ুসকেই তো চেয়েছিল রিয়াল মাদ্রিদ!
ব্রাজিলিয়ান লিগে মাত্র অভিষেক হওয়া একজনের পেছনে ২০১৭ সালে প্রায় সাড়ে চার কোটি ইউরো খরচ করে সবার চোখ কপালে তুলে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে ২০১৮ সালে অভিষেক হওয়া সেই ভিনিসিয়ুস জুনিয়র এই কয় বছরে নিজের দামটা ঠিক বোঝাতে পারছিলেন না সমর্থকদের কাছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে আসল ভিনিসিয়ুসের দেখা পাচ্ছেন রিয়াল সমর্থকেরা। এই মৌসুমে খেলছেন দুর্দান্ত, যার সর্বশেষ অধ্যায় রচিত হয়েছে গত রাতে। ভিনিসিয়ুসের জোড়া গোল আর এক সহায়তায় শাখতারকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।
এই শাখতারের কাছেই নিজেদের আগের দুই ম্যাচ হেরেছিল রিয়াল। এবার যে তেমন কোনো অভিজ্ঞতা পেতে যায় না, সেটা বোঝা গেছে প্রথম থেকেই। শুরু থেকে টনি ক্রুস, করিম বেনজেমা, কাসেমিরো ও ভিনিসিয়ুসের কল্যাণে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় রিয়াল। কিন্তু শাখতারের গোলকিপার আনাতোলি ত্রুবিন দাঁড়িয়েছিলেন চিনের প্রাচীর হয়ে। কিন্তু লাভ হয়নি। ৩৭ মিনিটে বেনজেমাকে আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন শাখতারের অধিনায়ক ও সেন্টারব্যাক সের্হেই ক্রিভস্তোভ। এই এক গোলের অগ্রগামিতা ধরে রেখেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে দেখা যায় আসল রিয়ালকে। ৫১ থেকে ৬৪, এই ১৩ মিনিটে তিন গোল করে ম্যাচ থেকে কার্যত শাখতারকে ছিটকে দেয় রিয়াল।
৫১ মিনিটে বেনজেমা-মদরিচের দুর্দান্ত রসায়নে বল পৌঁছে যায় বক্সের ভেতর থাকা ভিনিসিয়ুসের কাছে। এই পাঁচ মিনিট পরেই সেই চিরপরিচিত দর্শনীয় ব্রাজিলিয়ান সাম্বার ঝলক দেখা যায় ভিনিসিয়ুসের পায়ে।
ডি-বক্সে কয়েকজনকে কাটিয়ে স্কোরলাইন ৩-০ করে ফেলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৬৪ মিনিটে এবার সহায়তাকারীর ভূমিকায় অবতীর্ণ হন ভিনিসিয়ুস। তার পাস থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করে দেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। এই নিয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচ খেলে ৭ গোল আর চারবার গোলে সহায়তা করা হয়ে গেল ভিনিসিয়ুসের।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলা বেনজেমা নিজের ভালো পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন একদম শেষ দিকে এসে। স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিওর সহায়তায় পেয়ে যান নিজের প্রথম গোল। আর তাতেই নিশ্চিত হয় রিয়ালের বিশাল জয়।
এই জয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। শীর্ষে আছে এই মৌসুমে সবাইকে চমকে দেওয়া শেরিফ তিরাসপোল। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ইন্টার মিলান ও শাখতার।