ব্রাজিলে যেতে নিষেধ করছেন রিভালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতি কতটা অসহনীয় হলে একজন মানুষ তাঁর নিজের দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সারা পৃথিবীর কাছে? তারপর সেই মানুষটা যদি হন, এমন কেউ যিনি ফুটবল-বিশ্বে একসময় ব্রাজিলকে দাপটের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। বলা হচ্ছে, বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদোর কথা। ব্রাজিলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যিনি এতটাই শঙ্কিত যে, কাউকে ব্রাজিলে যেতেই নিষেধ করেছেন সাবেক বার্সা ফরোয়ার্ড।
ব্রাজিলে গত কিছুদিন সন্ত্রাস-রাহাজানি খুব বেড়ে গেছে। শুধু ২০১৫ সালেই রিও ডি জেনিরোতে খুন হয়েছে ১২০২টি। সম্প্রতি রিও ডি জেনিরোর প্রধান সড়কগুলোর একটিতে ডাকাতদের হাতে খুন হয়েছে ১৭ বছরের এক কিশোরী। সব দেখেশুনে আগামী জুনে হতে যাওয়া রিও অলিম্পিক নিয়েও শঙ্কিত রিভালদো। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অলিম্পিক উপলক্ষে যারা ব্রাজিলে আসার পরিকল্পনা করছেন, আমি তাঁদের পরামর্শ দেব, নিজের দেশেই থাকুন। এখানে মৃত্যুঝুঁকিতে পড়তে হবে আপনাকে।’
এ উদ্বেগটা যে রিভালদোর একার নয়, তা বোঝা যাবে তাঁর লেখার নিচে ব্রাজিলিয়ানদের মন্তব্যগুলো পড়লেই। বেশির ভাগই বলেছেন, ‘আপনি সত্য কথা বলছেন, রিভালদো।’ অনেকে প্রতিকার চেয়েছেন দেশটির সরকারের কাছে। ডেইলি মেইল।