ব্রাজিলে 'জার্মানির গোল' দিবস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে গর্ব করার মতো কী নেই তাদের? বিশ্বকাপ জিতেছে সর্বোচ্চ পাঁচবার, সঙ্গে ফুটবলের অন্য শিরোপাগুলো তো আছেই। আছে পেলে-গারিঞ্চা-জিকো-রোমারিও-রোনালদোদের মতো কিংবদন্তি সব ফুটবলার। সেই ব্রাজিলই কিনা ঘটা করে স্মৃতিচারণা করার চিন্তা করছে বিশ্বকাপের নিজেদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের!
গত বছর ৮ জুলাই নিজেদের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের লজ্জা পেয়েছে ব্রাজিল। ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজো’র সঙ্গে মিল রেখে যে লজ্জার নাম হয়ে গেছে ‘মিনেইরাজো’। এই দিনটি ব্রাজিলিয়ানদের মনে করিয়ে দিতেই প্রতিবছর জুলাইয়ের কোনো একটি দিনকে ‘গোল টু জার্মানি ডে’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন সাও পাওলোর কাউন্সিলর জোতা সিলভা। ‘ছুটি নয়, বরং স্মরণ দিবস হবে এটি’—রয়টার্সের কাছে প্রস্তাবের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন সিলভা।
বিশ্বকাপের পরে মিনেইরাওয়ের লজ্জা অবশ্য রূপ নিয়েছিল জাতীয় কৌতুকে। যখনই ব্রাজিলের ফুটবল ফেডারেশন বা ক্ষমতাসীন কোনো রাজনীতিবিদ ভুল করেছেন, সাংবাদিক বা ফুটবল সমর্থকেরা তা নিয়ে কৌতুক করেছেন ‘জার্মানির আরেকটি গোল’ বলে।
তবে হাস্যরসের বিষয় না বানিয়ে বরং এ লজ্জা থেকে শিক্ষা নেওয়ারই প্রয়োজন দেখছেন সিলভা। কারণ হিসেবে তুলে এনেছেন বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবলের দুর্দশাকে, ‘ফুটবলে বেশ কিছুটা সময় ধরেই ব্রাজিলের অধোগতি চলছে। আমাদের প্রশ্ন করা উচিত, এখান থেকে কোথায় যাচ্ছি আমরা? এ রকম একটি দিন আমাদের ফিরে দেখার সুযোগ করে দেবে।’
প্রস্তাবে সহ-কাউন্সিলরদের সমর্থন পাচ্ছেন সিলভা। তবে সাও পাওলোর সাধারণ জনগণ কিছুটা যেন নিরুত্তাপ এই ব্যাপারে। মার্কোস নাসিমেন্তো নামের এক ভদ্রলোক তো সিলভার ফেসবুক পাতায় ক্ষোভই উগরে দিলেন, ‘জনতাকে নিয়ে এসব তামাশা বন্ধ করুন। সাধারণ মানুষের জন্য কাজ করতেই নির্বাচিত করা হয়েছিল আপনাকে। আমি বিশ্বাস করি, এর চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে।’ রয়টার্স।