
গত জুনে মেক্সিকোর ক্লাব কেরেতারোর সঙ্গে চুক্তি বাতিল করার পর থেকেই তাঁর গন্তব্য নিয়ে কানাঘুষা চলছিল। তুরস্কের ক্লাব আন্তালিয়াস্পোরের সঙ্গে নামটি জড়িয়েছিল ভালোভাবেই! গুঞ্জন ছিল সৌদি আরব, কাতার, চীন ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবকে ঘিরেও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন রোনালদিনহো। শনিবার অফিশিয়াল টুইটারে ঘোষণা দিয়েছে ক্লাবটি।
ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন। ৩৫ বছর বয়সে এসে বেলা শেষের ডাকই শুনতে পাওয়ার কথা। কোথায় কী? বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো নতুন চ্যালেঞ্জ নিতে নিজেকে অনুপ্রাণিত করছেন ‘রোনি’। এর আগে গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো বা অ্যাটলেটিকো মিনেইরোতে খেললেও কখনো যে নিজের দেশের লিগই জেতা হয়নি তাঁর। এই লিগ জয়ের আকাঙ্ক্ষাই ২০০২ বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে তুলেছে রিও ডি জেনিরোর ক্লাবটিতে, ‘ব্রাজিলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ লিগ শিরোপা জেতা, যা আমি কখনোই পারিনি এবং এমন একটি ক্লাবের অংশ হওয়া যেখানে অনেক ভালো খেলোয়াড় আছে।’

পরশু দলবদলের বড় খবরটি দিয়েছে অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিং। কোনো ইংলিশ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড এটি। মজার ব্যাপার, এ ট্রান্সফারে সবচেয়ে লাভবান হচ্ছে কিউপিআর। শর্তানুযায়ী বর্তমানে চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাবটি একাডেমির সাবেক খেলোয়াড় স্টার্লিংয়ের ট্রান্সফার ফির ২০ শতাংশ পাবে। সে হিসাবে প্রায় ৯.৮ মিলিয়ন পাউন্ড পকেটে পুরবে তারা।
এ ছাড়া ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে ফরাসি মিডফিল্ডার মরগান স্নেইডারলিনকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিবিসি, গোলডটকম।