ব্রাজিলেও মন জিতে নিয়েছেন মেসি

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ অনেক পুরোনো। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের ফুটবল দর্শকেরাই তো দুভাগে ভাগ হয়ে পড়েন। ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিতর্ক মানে অবধারিতভাবে এই প্রশ্নও এসে পড়ে, ‘কে সেরা—ম্যারাডোনা না পেলে?’ বিতর্ক, ‘পাঁচ ও দুই’য়ের বিতর্ক। নতুন একটি বিতর্কও এখন ঝড় তুলে দেয় দুই দেশের ভক্তদের মাঝে, মেসি না নেইমার? তবে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলের একটি সাম্প্রতিক জরিপ জানাচ্ছে, ব্রাজিলের লোকজনও মেনে নিচ্ছেন মেসিই সেরা!
মেসি-রোনালদোর বাইরে অন্য কাউকে বিশ্ব সর্বশেষ ব্যালন ডি’ অর জিততে দেখেছে ২০০৭ সালে। সেবার পুরস্কারটি জিতেছিলেন এসি মিলানের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো কাকা। ব্যালন ডি ’অর মঞ্চে সর্বশেষ কোনো ব্রাজিলিয়ান জায়গা পেয়েছিলেন সেবারই। আট বছর পর ব্যালন ডি’ অরের সেরা তিনে জায়গা মিলেছে আরেক ব্রাজিলিয়ান নেইমারের। এত দিন পর ব্রাজিলিয়ান কোনো ফুটবলারের এমন কীর্তিতে ব্রাজিলে তো খুশির বন্যা বয়ে যাওয়ার কথা। সে ‘বন্যা’ বইছে কী না সেটি জানা না গেলেও ব্রাজিলের লোকজন যে বাস্তবতা মেনে নিচ্ছেন সেটি জানা গেল গোলডটকমের কল্যাণে।
আগামীকাল ব্যালন ডি’ অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর আগে ‘ব্যালন ডি’অর জেতা উচিত কার—মেসি, রোনালদো, নাকি নেইমারের?’ পাঠকদের কাছে এ প্রশ্নের উত্তর খুঁজেছে গোলডটকম। সেখানেই দেখা গেল ৫৬ ভাগ পাঠকের চোখেই এবারের বিজয়ী লিওনেল মেসি। ৩১ ভাগ ভোটার মনে করেন রোনালদোর জেতা উচিত। আর প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নেওয়া নেইমার পেয়েছেন ১৩ ভাগ ভোট। মেসি ও রোনালদো তাঁদের নিজ নিজ দেশে পেয়েছেন সর্বাধিক ভোট। কিন্তু ব্রাজিলের দিকে নজর দিতেই চমকে উঠতে হয়েছে। সেখানেও সর্বাধিক ভোট পেয়েছেন মেসি! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড়, প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজেদের সেরা তারকার সঙ্গে—এসবও টলাতে পারেনি মেসির জনপ্রিয়তা। ব্রাজিল থেকে পাওয়া ভোটে দেখা গেছে ৩৮ ভাগ পাঠকই মেসিকে সেরা মেনে নিয়েছেন আর ৩৬ ভাগ ভোট দিয়েছেন নেইমারকে। তার মানে কী ঐতিহ্যবাহী সেই ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ হারিয়ে ফেলছে দুই দেশের ক্রীড়ামোদীরা? নাকি মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে চিরবৈরী প্রতিবেশি দেশটিরও কোনো সংশয় নেই!
নেইমার বার্সেলোনায় যোগ দেওয়ার পরই অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার সাপে-নেউলে সম্পর্কের উন্নতি হয়েছে। নিয়মিত এ দুজনের গোল উদ্যাপনের দৃশ্যেই হয়তো সবার মনে পড়েছে খেলাটির আসল উদ্দেশ্য—আনন্দ। সে জন্যই হয়তো ব্রাজিলের দর্শকেরাও মেনে নিয়েছেন চর্মগোলকে আনন্দ দেওয়ায় মেসির ধারেকাছে এখন কেউ নেই। সূত্র: গোল