ব্রাজিলের আছে 'গোলকিপারদের পেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিসনকে বলা হয় গোলকিপারদের পেলে। ছবি: রয়টার্স
আলিসনকে বলা হয় গোলকিপারদের পেলে। ছবি: রয়টার্স
>আক্রমণাত্মক ফুটবলের পূজারি ব্রাজিল। এবার তিতের দলের গোল ঠেকানোর লোকগুলোও দারুণ।

খেলার ছন্দের কথা বলবেন? ব্রাজিল অনন্য। আক্রমণে চোখ রাখবেন? ব্রাজিলের দিকে তাকিয়ে থাকবেন। কিন্তু ছন্দ আর আক্রমণই তো সব নয়। বিশ্বকাপ জিততে আরও কিছু লাগে। সেটির নাম? ইস্পাতকঠিন রক্ষণ। 

তাহলে নেইমারকে নিয়ে যে এত মাতামাতি! কিচ্ছু করার নেই। ফরোয়ার্ডদের দিকেই থাকে আলোটা, এই যেমন এবার নেইমার। কিন্তু ভালো রক্ষণও তো চাই, জমাট রক্ষণ। ব্রাজিলিয়ানদের জন্য সুখের কথা, এবার ভরসা দিচ্ছে তাদের রক্ষণ। খেলাটা যেহেতু ইউরোপে, ১৯৫৮ বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রেরণা নিতে পারে। সেবারই প্রথম বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর অন্য কোনো মহাদেশের দলই আর ইউরোপ থেকে বিশ্বকাপ নিতে পারেনি। এবার ব্রাজিল পারবে?

যেকোনো বিশ্বকাপেই গোলদাতারা থাকেন আলোচনায়, চায়ের আড্ডায়। কিন্তু বিশ্বকাপ জেতে সেই দলগুলো, যাদের রক্ষণ সেরা। ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানির কথাই ধরুন। সাত ম্যাচে তারা গোল খেয়েছে চারটি। ২০১০ বিশ্বকাপে স্পেন এবং ২০০৬ বিশ্বকাপে ইতালি চ্যাম্পিয়নই হয়েছে তাদের রক্ষণদৃঢ়তায়। গোল খেয়েছে মাত্র দুটি করে।

তবু সবার মুখে ‘নেইমার’ ‘নেইমার’! ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো বলছেন, ‘ফুটবলে একজন খেলোয়াড় নিয়ে সব সময়ই আলোচনা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্ত দরকার একটি ভালো দল। গড় মানের ওপরে থাকা নেইমারকে নিয়েই কথা বলবে লোকে, এটা অনিবার্যই। কিন্তু আমরা ভুলতে পারব না যে, আমাদের আরও অনেক দারুণ ফুটবলার আছে।’

১৯৮২ আর ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের সে কী আক্রমণভাগ! জিকো-সক্রেটিসের মতো তারকারা সমর্থকদের মাতিয়ে দিয়েছিলেন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ আর ২০০২ সালের গল্পটা ভিন্ন। তখন বিশ্বকাপজয়ী ব্রাজিলের আক্রমণেও অনেক প্রতিভা। কিন্তু সেটিই যথেষ্ট ছিল না, ইস্পাতকঠিন রক্ষণের ভূমিকা ছিল বলেই ট্রফি গেছে ব্রাজিলে। ২০০২ বিশ্বকাপের নকআউট পর্বে শুধু ইংল্যান্ড গোল করতে পেরেছিল ব্রাজিলের বিপক্ষে। জমাট রক্ষণভাগ রোনালদোর গোলের ভিত্তিও গড়ে দিয়েছিল। ব্রাজিলও জেতে পঞ্চম বিশ্বকাপ।

ব্রাজিলের এবারের রক্ষণভাগ যথেষ্ট ধারাবাহিক। সর্বশেষ ২৮ ম্যাচে ব্রাজিল রক্ষণ গোল খেয়েছে মাত্র আটটি। এই রক্ষণের কাজটা শুধু চার ডিফেন্ডার এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের নয় বলে মনে করেন কাসেমিরো, ‘ব্রাজিলের রক্ষণটা আসলে শুরু গ্যাব্রিয়েল (জেসুস) থেকে। তারপর নেইমার ও উইলিয়ান। ১১ জনই ডিফেন্ডার এবং ১১ জনই আক্রমণে।’

সেন্টার ব্যাক থিয়াগো সিলভা বলছেন, ‘আমাদের দলটি খুব ভারসাম্যপূর্ণ, মেধাবী ও দৃঢ়।’ দলে এমন ভারসাম্য বলেই গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ হারের পুনরাবৃত্তি হওয়া আসলে কঠিন। এটাই ব্রাজিলের বড় ভরসার জায়গা।

সবার পেছনে থাকা লোকটার কথা তো বলাই হয়নি। তা ব্রাজিল দলে গোলরক্ষকেরা কবে আর আলোচনায় ছিলেন! গতবার ব্রাজিলের পোস্টে ছিলেন সে সময় টরন্টো এফসিতে খেলা জুলিও সিজার। এবার দলে আছেন এদেরসন, কিন্তু পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির তারকা ব্রাজিলের একাদশে সুযোগই পাচ্ছেন না। কারণ, আলিসন। যাঁকে নিয়ে মুগ্ধ ব্রাজিল দলের গোলকিপিং কোচ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক ক্লদিও তাফারেল বলেছেন, ‘আলিসন এই মুহূর্তে গোলকিপারদের পেলে।’