ব্রাজিলের আনন্দ আর্জেন্টিনার বেদনা

ম্যাচের ২৬ মিনিটে যখন জালে বল ঠেলে দিলেন গ্যাব্রিয়েল বারবোসা, দর্শকদের স্বস্তির তপ্ত নিশ্বাসটাও বেশ ভালোই টের পাওয়া গেল। রিও অলিম্পিকে ২০৬ মিনিট পর যে প্রথম গোল পেল ব্রাজিল! তবে এটিই যেন খুলে দিল সব আগল, আরও তিনটি গোল পেতেও খুব বেশি দেরি হলো না। বাঁচামরার ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠে গেল ব্রাজিল।
ব্রাজিল কাল পেয়েছে স্বস্তির জয়, তবে এই ম্যাচের ৯ ঘণ্টা আগে আর্জেন্টিনা ডুবে গেছে একরাশ হতাশায়। অ্যাঙ্গেল কোরেয়া-জিওভান্নি সিমিওনেদের জন্যও সমীকরণ ছিল ব্রাজিলের মতো—জিততেই হবে। কিন্তু পারলেন না। হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরতে হলো দুবারের অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনাকে।
কয়েক মাস ধরে প্রশাসনিকভাবে আর্জেন্টিনা ফুটবলের টালমাটাল অবস্থার ষোলোকলাই যেন পূর্ণ হলো এমন বিদায়ে। ক্লাব ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ক্ষমতার দ্বন্দ্বে অলিম্পিকে দল পাঠানো নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মেয়েদের দলের কোচ হুলিও ওলার্তিকোচেয়ার অধীনে অলিম্পিকে এলেও খালি হাতেই ফিরল আর্জেন্টিনা।
পর্তুগালের কাছে হার দিয়ে শুরু, পরের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয়। পরশুও ৭৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, পেনাল্টি থেকে গোল করেন হন্ডুরাসের অ্যান্টনি লরেঞ্জো। যোগ করা সময়ে ফ্রিকিক থেকে মরিসিও মার্টিনেজ সমতা ফেরান, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। আর্জেন্টাইনরা হতাশ, আর ডিয়েগো ম্যারাডোনা ফেটে পড়েছেন ক্ষোভে। ম্যাচের পরই আর্জেন্টাইন কিংবদন্তি এএফএর দিকে ছুড়েছেন তির, ‘পরিচালকেরা মায়ামিতে সূর্যস্নান করছেন। আর্জেন্টিনা ফুটবল নিয়ে কোনো চিন্তাই নেই তাঁদের। হন্ডুরাস আমাদের হারাতে পারে না। দেশটার প্রতি আমার অনেক সম্মান আছে, তবে ওরা বেসবল খেলে। ফুটবল সম্পর্কে কীই-বা জানে!’
ম্যারাডোনার ক্ষোভের দিনে ব্রাজিল কিংবদন্তি পেলে বুক বেঁধেছেন নতুন আশায়। ম্যাচের পর টুইট করেছেন, ‘এই একটা জয়ই কাঙ্ক্ষিত সোনার দিকে আমাদের পথ এঁকে দিতে পারে।’ অবশ্য শুধু পেলে কেন, সব ব্রাজিলিয়ানই যেন এখন দিগন্তে সোনালি আভা দেখতে পাচ্ছেন। কে বলবে, গোলশূন্য ড্র হওয়া আগের দুই ম্যাচেই এঁরাই খুব হতাশ হয়ে পড়েছিলেন। একটা জয় কত কিছুই বদলে দেয়!
জয়টা হলোও দুর্দান্ত। ২৬ মিনিটে প্রথমটির পর ৮০ মিনিটে দলের শেষ গোলটিও করেছেন ‘গাবিগোল’ বারবোসা। বিরতির আগে ও পরে গ্যাব্রিয়েল জেসুস ও লুয়ানের গোল দুটি ফন্তে নোভার উদ্বিগ্ন দর্শকদের উদ্বেলিত করেছে আনন্দে। বারবোসার কাছে এই জয় যেন স্বপ্নের মতো, ‘আমরা ধৈর্য ধরেছিলাম। সেটাই জরুরি ছিল, তাতেই এল এমন মধুরতম কল্পনার ম্যাচ। প্রথম দুই ম্যাচে খারাপ খেলিনি, তবে গোল আসছিল না।’
গোল এসেছে, শেষ আটের টিকিটও এখন হাতে। গন্তব্যটা অলিম্পিকের সবচেয়ে উঁচু পোডিয়ামই কি হবে? এএফপি।
কোয়ার্টার ফাইনাল সূচি
১৩ আগস্ট পর্তুগাল-জার্মানি (রাত ১০টা)
১৩ আগস্ট নাইজেরিয়া-ডেনমার্ক (রাত ১টা)
১৩ আগস্ট দ. কোরিয়া-হন্ডুরাস (ভোর ৪টা)
১৪ আগস্ট ব্রাজিল-কলম্বিয়া (সকাল ৭টা)