ব্রাজিলের আনন্দের ৭-১

ব্রাজিলের ম্যাচ, তাতে স্কোরলাইন ৭-১! সবার আগে একটা শব্দই মনে পড়ার কথা—‘মিনেইরাজো’! ঘরের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোলের লজ্জার গল্প!
কাল আরও একবার ব্রাজিলের ম্যাচে একই স্কোরলাইন। তবে এবার ব্রাজিলের অবস্থান উল্টো দিকে। শতবার্ষিকী কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হাইতিকে ৭-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
শুধু স্কোরলাইনে মিল বলেই মিনেইরাজো ফিরে আসছে। না হলে জার্মানির দেওয়া জ্বালাও কি আর হাইতিকে গোলে ভাসিয়ে মেটে? এই ম্যাচে ব্রাজিলের বড় ব্যবধানে জয় অনুমিতই ছিল। তবে বড় ব্যাপার, গোলে ফিরেছে কার্লোস দুঙ্গার দল। ইকুয়েডরের সঙ্গে টুর্নামেন্ট শুরুর ম্যাচে গোলশূন্য ড্রয়ের হতাশা ব্রাজিল কাল ঢাকল গোল উৎসব করে।
ম্যাচের আধঘণ্টা না যেতেই ফিলিপে কুতিনহোর জোড়া গোল, সঙ্গে রেনাতো অগুস্তোর গোলে প্রথমার্ধেই ব্যবধান ৩-০। ব্রাজিল গোলের নেশায় ছুটল দ্বিতীয়ার্ধেও। অগুস্তো ও কুতিনহো আরও একটি করে গোল করেছেন, গোল পেয়েছেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমাও। ৭০ মিনিটে হাইতির জেমস মার্সেলিনের গোলটি শুধু বুঝিয়েছে, এই ম্যাচে হাইতিও ছিল।
দুর্দান্ত ব্রাজিলের ‘নিউক্লিয়াস’ হয়ে ছিলেন কুতিনহো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে গোল ছিল একটি, কাল পেয়ে গেলেন হ্যাটট্রিকই। ২০০৭ সালে রবিনহোর পর এই প্রথম কোপায় কোনো ব্রাজিলিয়ান হ্যাটট্রিক করলেন। কুতিনহোর প্রথম ও তৃতীয় গোল তো ছিল দুর্দান্ত। বক্সের বাইরে থেকে ডান পায়ের গোলা—লিভারপুলের ‘লং রেঞ্জ স্পেশালিস্ট’ পরিচয়টাই তুলে ধরলেন হলুদ জার্সিতে। ম্যাচ শেষে দুঙ্গার মুখেও তাই লিভারপুল প্রসঙ্গ, ‘ও প্রতিদিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে, ঝুঁকিও নিচ্ছে। অনুশীলনে ওকে সব সময় “লিভারপুলের কুতিনহো” হতে উৎসাহ দিতাম। আজ সেটিই করেছে।’
বড় জয়ে কোয়ার্টার ফাইনালের পথে পা রাখল ব্রাজিল, পেরুর সঙ্গে ড্র করলেই চলবে। ব্রাজিলের কাজটা সহজ করে দিয়েছে দিনের অন্য ম্যাচ। ১৩ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়েও পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইকুয়েডর। ইএসপিএন।
আজকের খেলা
উরুগুয়ে–ভেনেজুয়েলা
মেক্সিকো–জ্যামাইকা
আগামীকালের খেলা
চিলি–বলিভিয়া
আর্জেন্টিনা–পানামা