ব্রাজিলের আরও একটি জয়

রবার্ট ফিরমিনহো—নামটি এখনো ব্রাজিল-ভক্তদের কাছে খুব একটা পরিচিতি পায়নি। এই তো গেল সপ্তাহে তুরস্কের বিপক্ষে ইস্তাম্বুলের প্রীতিম্যাচেই অভিষেক তাঁর। কিন্তু কাল ভিয়েনায় এই ফিরমিনহোই শেষ পর্যন্ত খেলার নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনিই করলেন ব্রাজিলের জয়সূচক গোলটি। তাঁর করা ৮৩ মিনিটের গোলেই অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের পর জয়ের ধারা অব্যাহত রাখল কার্লোস দুঙ্গার ব্রাজিল। এটি কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের টানা ষষ্ঠ জয়।
ব্রাজিলের প্রথম গোলটি ডেভিড লুইজের। ৬৪ মিনিটে করা তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৭৫ মিনিটে আলেকজান্ডার দ্রাগোভিচ পেনাল্টি থেকে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে এলে অমীমাংসাকেই ভবিতব্য হিসেবে ধরে নিয়েছিলেন দর্শকেরা। কিন্তু ৮৩ মিনিটে ফিরমিনহোর গোল নাটকীয় পরিণতি দেয় ম্যাচের।
পুরো ম্যাচেই অবশ্য বলের দখল বেশির ভাগ সময়ই ছিল ব্রাজিলের কাছে। তবে খেলার শুরুর দিকে অস্ট্রিয়া গোলের সুযোগ তৈরির দিক দিয়ে মাঝেমধ্যেই বিপজ্জনক হয়ে উঠছিল। এই সময় ব্রাজিলীয় রক্ষণভাগ বেশ সতর্কতার সঙ্গে খেলেই পরিস্থিতি সামাল দেয়।
খেলার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত অস্ট্রিয়া। কিন্তু জ্লাতকো জুনুজোভিচের ফ্রি-কিক থেকে গোলের সুযোগ নষ্ট করেন রুবিন ওকুতি। প্রথমার্ধেই ফ্লোরিয়েন ক্লেইনের তীব্র শট কোনোমতে পা লাগিয়ে বাঁচান ফিলিপে লুইস। ২৬ মিনিটে ওকুতির আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
কাল বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন থিয়াগো সিলভা। কোচ দুঙ্গার পছন্দের তালিকায় না থাকা সিলভা কাল খেলতে নামেন মিরান্দার আঘাতজনিত কারণেই। তবে তিনি বাকিটা সময় খুব সম্ভবত প্রমাণ করেছেন নিজের অন্তর্ভুক্তির সার্থকতা।
ওই প্রধমার্ধেই অস্কারের একটি শট ধরে ফেলেন অস্ট্রিয়ান গোলরক্ষক, ২৫ গজ দূর থেকে নেওয়া ডেভিড লু্ইজের একটি ফ্রি-কিক ক্রসপিসের ঠিক ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্রাজিল পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলটি। প্রাপ্ত কর্নার থেকে অস্ট্রিয়ার গোলমুখে সৃষ্ট জটলার মধ্যে মার্কার স্টিফান ইলসিনকারকে বোকা বানিয়ে হেড থেকে গোল করেন লুইজ।
এর ঠিক ১১ মিনিট পর নিজেদের বক্সের মধ্যে অস্কার অস্ট্রিয়ার আন্দ্রেস উইম্যানকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগটি দারুণভাবে কাজে লাগান দ্রাগোভিচ। এটি ছিল দুঙ্গার অধীনে ব্রাজিলের প্রথম গোল হজম।
প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করে ৮৩ মিনিটে ব্রাজিলকে জয় এনে দেন ফিরমিনহো। সূত্র: এএফপি।