ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা ছিল পেপ গার্দিওলার। ছবি: এএফপি
ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা ছিল পেপ গার্দিওলার। ছবি: এএফপি

ক্লাব ফুটবলে যা যা জেতা সম্ভব, জিতেছিলেন সব কিছুই। সেটিও কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর প্রথম বছরেই। পেপ গার্দিওলার হয়তো খুব ইচ্ছে ছিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জেতানোর। তাহলেই তো ‘সিভি’টা পরিপূর্ণ হয়। এ কারণেই নাকি হতে চেয়েছিলেন ব্রাজিলের কোচ।
টানা চার বছর বার্সেলোনার দায়িত্ব পালন করে ছুটিতে চলে গিয়েছিলেন। ছুটি শেষে আবার ক্লাব ফুটবলে ফিরেছেন, দায়িত্ব নিয়েছেন বায়ার্ন মিউনিখের। তবে বায়ার্নের বদলে গার্দিওলা ব্রাজিলেরও কোচ হতে পারতেন। যদি তাঁর ইচ্ছের মূল্য দিত ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এমনটাই জানিয়েছেন দানি আলভেস।
ব্রাজিলের এই ফুলব্যাক দীর্ঘ দিন গার্দিওলার অধীনে খেলেছেন। ‘ফুটবলে বৈপ্লবিক পরিবর্তন’ এনে দেওয়া গার্দিওলা ব্রাজিলের দায়িত্ব নিলে গত বিশ্বকাপটা অন্য রকম হলেও হতে পারত বলে মনে করেন তিনি। ২০১২ সালে মানো মেনেজেসকে ছাঁটাই করে নতুন কোচ খুঁজছিল ব্রাজিল। গার্দিওলা তখনো বায়ার্নের দায়িত্ব নেননি। কিন্তু ব্রাজিল শেষ পর্যন্ত ২০০২ বিশ্বকাপজয়ী লুইস ফেলিপে স্কলারিকেই কোচের পদে ফিরিয়ে আনে।
আলভেস এখন জানাচ্ছেন, ‘বিশ্বকাপের আগে পেপ ব্রাজিল দলের দায়িত্ব নিতে চেয়েছিল। কিন্তু ওরা রাজি হয়নি। পেপ বলেছিল ও আমাদের বিশ্বসেরা দল বানাবে। ওর একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও ছিল। কিন্তু ওরা তাকে চায়নি।’
‘ওরা’ বলতে সিবিএফের কর্তাব্যক্তিরা। আসলে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো কখনোই ভিনদেশি কাউকে কোচ করাতে আগ্রহী হয় না। আর ইউরোপের কেউ এই দুই দলের কোনোটির দায়িত্ব পালন করছেন—এটা যেন কল্পনাতীত।
আলভেসের অনুমান, এই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই সিবিএফ গার্দিওলাকে কোচ বানায়নি। আর এখানেই তাঁর যত ক্ষোভ, ‘ওরা নিশ্চিত ছিল না ব্রাজিলের সাধারণ মানুষ পেপকে কোচ হিসেবে বরণ করে নিত কিনা। কিন্তু আপনি যদি বিশ্বসেরাকেই মেনে নিতে না পারেন, যে কিনা আপনার দলটাকে দারুণ একটা দলে পরিণত করার সামর্থ্য রাখে, তাহলে বলতেই হবে, আপনি ব্রাজিল দলেরই ভালো চান না।’
গার্দিওলা নাকি খুব একটা বেতনও চাননি। কাজটা তিনি করতে চেয়েছিলেন ফুটবলের প্রতি তাঁর অনুরাগ থেকেই। আলভেসের তাই আক্ষেপের শেষ নেই, ‘পেপ বিশ্বের সেরা কোচ। ও ফুটবলে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। আর তাকে আমরা পেতে চলেছিলাম, এ জন্য সে রকম টাকাও খরচ হতো না। ও বলেছিল, জাতীয় দলকে সাফল্য এনে দিলেই কেবল টাকা নেবে। এ রকম সুযোগ আপনি কীভাবে হাতছাড়া করেন?
আলভেসের এই প্রশ্নের উত্তর কে দেবে! তবে সর্বশেষ পাঁচ বিশ্বকাপের চারটিই যখন ইউরোপে গেছে, একটা বিষয় নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের ভাবনা শুরু হতেই পারে। আর সেটা হচ্ছে সাম্প্রতিক ব্যর্থতা থেকে মুক্তির পথ হয়তো ইউরোপীয় কোচেরই দ্বারস্থ হওয়াই।