ব্রাজিলের কোপা হতাশা অলিম্পিকে মুছে দেবেন নেইমার!

অলিম্পিকে খেলবেন বলে শতবার্ষিকী কোপা আমেরিকার জন্য তাঁকে ছাড়েনি বার্সেলোনা। নেইমারহীন ব্রাজিলও কোপা আমেরিকায় গ্রুপপর্বে বাদ পড়ার হতাশা নিয়ে বাড়ি ফিরেছে। সেই দুঃস্বপ্নের অতীতটাকে পেছনে ফেলে এখন ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ, রিও অলিম্পিক। বিশ্ব ফুটবলের সফলতম দলটির জন্য এখনো আক্ষেপ অলিম্পিকের সোনা, ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘোচানোর মিশনে তাই নেইমারকেই ভরসা মানছে সেলেসাওরা।
বার্সেলোনা ফরোয়ার্ডকে নিয়েই আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রজারিও মিকালে। নেইমার ছাড়াও বার্সেলোনার রাফিনহা, বায়ার্ন মিউনিখের ডগলাস কস্তা এবং ব্রাজিলের নতুন সেনসেশন গ্যাব্রিয়েল হেসুস আছেন দলে।
কোপা আমেরিকার ব্যর্থতার পর কার্লোস দুঙ্গা বরখাস্ত হয়েছেন। তাঁর জায়গায় শুধু এই অলিম্পিকের জন্য দায়িত্ব পাওয়া মিকালে দলে অবশ্য এবারও সুযোগ দেননি দুঙ্গার সময়ে উপেক্ষিত থাকা ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। অবশ্য সিলভার পিএসজি সতীর্থ মারকুইনোস ঠিকই জায়গা পেয়েছেন।
মূলত অনূর্ধ্ব-২৩ বছরের খেলোয়াড়দের নিয়ে গঠিত অলিম্পিকে তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখা যায়। নেইমার ও ডগলাস কস্তার পাশে মিকালের দলে সেই তিনজনের অন্যজন অবশ্য চমক জাগাচ্ছেন, ৩৭ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো প্রাস। এবারই প্রথম বিখ্যাত হলুদ জার্সিটা গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন প্রাস।
তবে স্বাভাবিকভাবেই সবটুকু আলো থাকছে নেইমারের ওপর। মিকালেও বলছেন, ‘নেইমারই পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। ও বিশ্বের সেরাদের একজন। যেকোনো দলই ওকে পেলে খুশি হবে। আমাদের দলের জন্যও অনেক বড় পাওয়া।’
২০১২ লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠেও রুপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নেইমারকে। সেবার নিয়ে মোট তিনবার (১৯৮৪, ১৯৮৮ ও ২০১২) অলিম্পিকে রানার্সআপ হয়েছে ব্রাজিল, ব্রোঞ্জ দুবার (১৯৯৬, ২০০৮)। এবার আক্ষেপ ঘুচবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের? কোপায় প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার লজ্জাজনক ক্ষতটাও তো টাটকা!
ব্রাজিলের অলিম্পিক দল
গোলরক্ষক : ফার্নান্দো প্রাস (পালমেইরাস), উইলসন (অ্যাটলেটিকো মিনেইরো)
ডিফেন্ডার : লুয়ান (ভাস্কো দা গামা), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো), মারকুইনোস (পিএসজি), ডগলাস সান্তোস (অ্যাটলেটিকো মিনেইরো), উইলিয়াম (ইন্টারন্যাসিওনাল), জেকা (সান্তোস)
মিডফিল্ডার : রাফিনহা (বার্সেলোনা), রদ্রিগো দোউরাদো (ইন্টারন্যাসিওনাল), ফ্রেড (শাখতার দোনেৎস্ক), থিয়াগো মাইয়া (সান্তোস), ফেলিপে অ্যান্ডারসন (লাজিও)।
ফরোয়ার্ড : নেইমার (বার্সেলোনা), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গ্যাব্রিয়েল বারবোসা (সান্তোস), গ্যাব্রিয়েল হেসুস (পালমেইরাস), লুয়ান (গ্রেমিও)।